বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আহত ওই ব্যক্তির নাম উমর ফারুক (৩২)। তিনি দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা গ্রামের বাসিন্দা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উমর ফারুকসহ সাত-আটজনের গরু পাচারকারী একটি দল আঙ্গরপোতা প্রধানপাড়া সীমান্তের ডিএমপি ১ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতের কোচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমার ভোটবাড়ি গ্রামে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ৪৫ বিএসএফ ব্যাটালিয়নের ভোটবাড়ি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে উমর ফারুক গুলিবিদ্ধ হন। পরে তাঁর সহযোগীরা তাঁকে উদ্ধার করে রাতেই উন্নত চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যান।
দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন প্রধান দাবি করে বলেন, ভারতীয় ৪৫ বিএসএফ ব্যাটালিয়নের ভোটবাড়ি ক্যাম্পের টহল দলের এক সদস্য বাংলাদেশের প্রায় এক শ গজ অভ্যন্তরে ঢুকে গুলি ছুড়লে উমর ফারুক আহত হন। তাঁর সঙ্গীরা উদ্ধার করে তাঁকে ওই দিনই চিকিৎসার জন্য রংপুরে নিয়ে গেছেন।
৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার খাইরুল ইসলাম বলেন, আহত ব্যক্তি কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে বিএসএফের ককটেল, রাবার বুলেট নাকি গুলিতে ওই ব্যক্তি আহত হয়েছেন, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।