বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গরুর রাখাল আহত হয়েছেন।

উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্তে আজ বৃহস্পতিবার তাঁরা গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিরা হলেন রাধানগর ইউনিয়নের জশৈল গ্রামের মো. মোজাম্মেল (৪০) ও আক্কেলপুর ঘোলাদিঘী গ্রামের মো. ফারুক (৩৯)।

নওগাঁর ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম ঘটনাটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে এবং ঘটনার বিস্তারিত জানানোর জন্য বলা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় জনপ্রতিনিধি সূত্র জানায়, ভারত থেকে অবৈধ পথে গরু আনার জন্য গরু ব্যবসায়ীরা বিভীষণ সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি রাখালকে ভারতে পাঠান। এই রাখালদের ভারতীয় অংশে দেখতে পেয়ে ভারতের ৪৪ বিএসএফের বেলডাঙ্গা সীমান্ত ফাঁড়ির সদস্যরা গুলি ছোড়েন। এ সময় মো. মোজাম্মেল ও মো. ফারুক গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে পালিয়ে আসার পর তাঁরা স্থানীয় পর্যায়ে গোপনে চিকিৎসা নিয়েছেন।