বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত
পঞ্চগড়ের ঘাগড়া সীমান্তে গতকাল শনিবার ভোরের দিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সামিউল হক (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সামিউলের বাড়ি জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সেনপাড়া গ্রামে। তাঁর বাবার নাম সফিজ উদ্দিন।
বিজিবি সূত্র ও হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) জসিম উদ্দিন জানান, ভোরের দিকে সামিউলসহ গরু ব্যবসায়ীদের একটি দল ভারত থেকে গরু নিয়ে মেইন পিলার ৭৫০-এর ১৩ সাব–পিলার এলাকা দিয়ে বাংলাদেশে ফিরছিলেন। এ সময় ভারতের শিংপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে কয়েকটি গুলি চালান। এতে সামিউল গুলিবিদ্ধ হন। সঙ্গীরা তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়।
পরে পঞ্চগড় থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা সুরতহাল প্রতিবেদন করে লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠান। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, চারজন বাংলাদেশি গরু নিয়ে ফিরছিলেন। সীমান্তে বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে সামিউল নিহত হন।
এর আগে ১১ এপ্রিল যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে অকো (২৯) ও শান্ত (২৫) নামের দুই বাংলাদেশি নিহত হন। ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছিল বিএসএফ। ওই হত্যাকাণ্ডের পাঁচ দিন না যেতেই বিএসএফ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর ও মাসুদপুর সীমান্তে মোহাম্মদ হাকিম (৩৫) ও মোহাম্মদ শরীফ (২৫) নামের দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করে।