বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের বশিরহাট মহকুমায় এই ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশির নাম মোসলেম আলী (২৮)। তিনি গরু আনার কাজ (রাখাল) করতেন। তাঁর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরকি গ্রামে। বাবার নাম জেহের আলী।
মোসলেমের এক আত্মীয়ের ভাষ্য, মোসলেমসহ চার-পাঁচজন গতকাল সোমবার সন্ধ্যায় কুশখালী সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যান। আজ ভোরে গরু নিয়ে ফেরার সময় বিএসএফ গুলি করে। এতে ঘটনাস্থলেই মোসলেম নিহত হন।
নাম প্রকাশ না করার শর্তে সীমান্ত এলাকার এক ব্যক্তি বলেন, ভারতের বশিরহাট মহকুমার স্বরূপনগর থানার পুলিশ আজ সকাল সাড়ে নয়টার দিকে মোসলেমের লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ক্যাম্পের নায়েব সুবেদার মোহম্মাদ আলী বলেন, বাংলাদেশ সীমান্ত থেকে ৩০০ গজ দূরে ভারতীয় অংশে গুলির ঘটনাটি ঘটেছে। গুলিতে বাংলাদেশি এক রাখাল নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।