বিএসএফের হয়রানির প্রতিবাদ, সাত ঘণ্টা আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বেনাপোল স্থলবন্দর
ফাইল ছবি

ট্রাকচালকদের তল্লাশির নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হয়রানি বন্ধের দাবিতে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। পেট্রাপোল বন্দর ব্যবহারকারী ভারতীয় সব সংগঠন একত্র হয়ে আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখে। এ জন্য দেশের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকে।

ব্যবসায়ীদের একটি সূত্র জানায়, প্রতিদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাঁচ শতাধিক ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও দুই শতাধিক ট্রাকে বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া বিএসএফ ট্রাক তল্লাশিতে দীর্ঘ সময়ক্ষেপণ করছে। এতে ভারতীয় ট্রাকচালকেরা হয়রানির শিকার হচ্ছেন। হয়রানি বন্ধের দাবিতে বন্দর ব্যবহারকারী ভারতীয় সব সংগঠনের ডাকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়। এতে বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। পেট্রাপোল ও বেনাপোল স্থলবন্দরে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।

হয়রানি বন্ধের দাবিতে বন্দর ব্যবহারকারী ভারতীয় সব সংগঠনের ডাকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়। এতে পেট্রাপোল ও বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ভারতের পেট্রাপোল বন্দর ব্যবহারকারী সংগঠন বিএসএফ কর্তৃক ভারতীয় ট্রাকচালকদের হয়রানির প্রতিবাদে আজ সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়। দুপুরে বিএসএফ, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বন্দর ব্যবহারকারীদের বৈঠক হয়। বৈঠকে তল্লাশির নামে হয়রানি বন্ধের আশ্বাস দেওয়ার পর বিকেল চারটা থেকে পুনরায় স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, বিএসএফ সদস্যরা তল্লাশির নামে পণ্যবাহী ট্রাক দাঁড় করিয়ে রেখে হয়রানি করছে বলে ভারতীয় ট্রাকচালকদের অভিযোগ। এর প্রতিবাদে আজ সকাল থেকে বন্দর ব্যবহারকারীরা পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়। দুপুরে বৈঠক হলে সেখানে হয়রানি বন্ধের আশ্বাস দেওয়ার পর বিকেল চারটা থেকে পুনরায় স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়। আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দুই স্থলবন্দরে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে।