বিকল কাভার্ড ভ্যানে ধাক্কা দিল ট্রাক, প্রাণ গেল চালক ও সহকারীর
মেহেরপুর সদর উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কায় ট্রাকচালক ও চালকের সহকারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে উপজেলার মেহেরপুর- চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক শাহাদত হোসেন (৪৫) ও তাঁর সহকারী (হেলপার) ফারুক হোসেন (৪২)। এর মধ্যে শাহাদতের বাড়ি পাবনা জেলার শালদানাচর গ্রামে ও ফারুকের বাড়ি একই জেলার নাগদেমরা গ্রামে।
মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুর এলাকায় ঢাকা থেকে আসা সিমেন্টবোঝাই একটি কার্ভাড ভ্যান বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি ট্রাক চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর আসার পথে কার্ভাড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ট্রাকচালক ও তাঁর সহকারী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁদের পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।