বিকল্প পথে রাজশাহী হয়ে ঢাকা যাচ্ছে মানুষ

বিশেষ লকডাউন উপেক্ষা করে অটোরিকশা ও নদীপথে রাজশাহী আসছেন শ্রমজীবীরা। এরপর বাসে করে যাচ্ছেন ঢাকায়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লকডাউন চললেও তা উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী আসেন যাত্রীরা। পরে তাঁরা ওঠেন ঢাকাগামী একটি বাসে। গতকাল রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে
ছবি: প্রথম আলো

লকডাউন উপেক্ষা করে রাজশাহী হয়ে ঢাকামুখী হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শ্রমজীবী মানুষ। গত মঙ্গলবার ও গতকাল বুধবার রাজশাহীর বাস টার্মিনালে জেলাটির শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এতে করে চাঁপাইনবাবগঞ্জ থেকে সংক্রমণ অন্য জেলাতেও ছড়ানোর শঙ্কা তৈরি হচ্ছে।

সংক্রমণ যাতে অন্য জেলায় না ছড়ায়, সে বিবেচনায় চাঁপাইনবাবগঞ্জে চলছে সাত দিনের বিশেষ লকডাউন। তা না মেনে অটোরিকশায় করে জেলাটি থেকে শ্রমজীবীরা রাজশাহীতে আসছেন। পথে পুলিশের চেকপোস্ট এলাকা পার হচ্ছেন হেঁটে। এরপর প্রবেশ করছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়।

গত মঙ্গলবার রাতে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে একদল শ্রমজীবীকে দেখা যায়। তাঁরা নিজেদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক
ভাষায় কথা বলছিলেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, কাজে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন। পদ্মা নদী হয়ে নৌকায় এসে গোদাগাড়ীর সুলতানগঞ্জে নামেন তাঁরা।

গতকাল বেলা ১১টার দিকে শিরোইল বাস টার্মিনাল থেকে ঢাকাগামী একটি বাসের আট যাত্রীর সবাই ছিলেন চাঁপাইনবাবগঞ্জের। এ সময় টার্মিনালের অন্যান্য বাস কাউন্টারেও চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা যাত্রীদের উপস্থিতি দেখা যায়।

■ দেশে সংক্রমণের হার সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জে ■ নাচোল, গোমস্তাপুর হয়েও অনেকে রাজশাহী আসছেন ■ বিকল্প পথে যাতায়াত বন্ধে পুলিশকে নির্দেশনা

টার্মিনালের পাশে ফুটপাতে দাঁড়ানো একজন যাত্রীর ঠিকানা জানতে চাইলে তিনি প্রথমে বলেন, তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। কিন্তু তাঁর কাছে থাকা জাতীয় পরিচয়পত্রে ঠিকানা লেখা ছিল চাঁপাইনবাবগঞ্জ সদরের নরেন্দ্রপুর এলাকা। গতকাল টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কয়েকটি বাসে খোঁজ নিয়েও চাঁপাইনবাবগঞ্জের যাত্রীর উপস্থিতি দেখা যায়।

রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা মানুষের উপস্থিতি কমাতে কী করণীয়, সে বিষয়ে গতকাল দুপুরে বৈঠক করে জেলা প্রশাসন। সেখানে উপস্থিত থাকা রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, মানুষ যাতে বিকল্প রাস্তা দিয়ে রাজশাহীতে আসতে না পারেন, সে বিষয়ে পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সাংসদ বলেন, নদীপথ ছাড়াও নাচোল, গোমস্তাপুর হয়ে চাঁপাইনবাবগঞ্জের মানুষের যাতায়াতের তথ্য জেনেছেন তাঁরা।

রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান সাবেরা গুলনাহার জানিয়েছেন, দেশে বর্তমানে করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জে। গত মঙ্গলবার নমুনা পরীক্ষায় প্রায় ৬২ শতাংশ ব্যক্তির দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। রাজশাহীতে এ সংক্রমণের হার ২৮ শতাংশ।