বিকাশ এজেন্টকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত আইয়ুব আলী
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক বিকাশ এজেন্টকে কুপিয়ে হত্যা করে টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আইয়ুব আলী (৪০)। তিনি উপজেলার চলবলা ইউনিয়নের হাড়িশ্বর গ্রামের আবদুল মতিনের ছেলে। তিনি চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট বাজারে বিকাশের এজেন্টের পাশাপাশি ফ্লেক্সিলোড ও মোবাইলের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত একটার দিকে চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট বাজারের দোকান বন্ধ করে টাকাপয়সা ব্যাগে ভরে মোটরসাইকেলে করে বাড়ির পথে রওনা দেন আইয়ুব আলী। চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রামের ধনঞ্জয় কেচুর বাড়ি–সংলগ্ন কাঁচা সড়কে এলে আইয়ুব আলীর ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তিনি মোটরসাইকেল থেকে মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা ধারালো রাম দা দিয়ে কুপিয়ে হত্যা করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। রাতেই খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে আইয়ুব আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত আইয়ুব আলীর স্ত্রী মাহফুজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘রংপুরের কারমাইকেল কলেজ থেকে আমরা দুজনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স শেষে বিয়ে করে সংসার শুরু করেছিলাম। স্বচ্ছ ও স্বপ্ন নামে আমাদের দুই সন্তান আছে। তাদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম। আমার স্বামীকে এভাবে খুন করা হলো, এখন আমি কীভাবে দুই সন্তানকে মানুষ করব, সংসার চালব? স্বামী হত্যায় জড়িতদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় নিহত আইয়ুব আলী বড় ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। ঘটনাস্থল থেকে নিহত আইয়ুব আলীর মোটরসাইকেল, পাশের একটি ভুট্টাখেত থেকে টাকার খালি ব্যাগ ও রক্ত মাখা ধারালো রাম দা উদ্ধার করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আইয়ুব আলী হত্যার সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।