বিকাশকর্মীকে কুপিয়ে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলায় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের কর্মী জুয়েল রানাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে উপজেলার কোলার মোড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত জুয়েল বলেন, তাঁকে কুপিয়ে আড়াই লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা

জুয়েল রানা বিকাশের ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেলস কর্মী। তাঁর বাড়ি মেহেরপুর পৌর শহরের মল্লিকপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে সাড়ে তিন লাখ টাকা সঙ্গে নিয়ে পাঁচ বিকাশ এজেন্টকে ৯৭ হাজার টাকা সরবরাহ করে স্থানীয় অফিসে ফিরছিলেন জুয়েল রানা। কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পাঁচজন তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। দুটি রামদা দিয়ে তাঁকে কুপিয়ে আহত করে ব্যাগের ভেতর থেকে ২ লাখ ৫৩ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এসে জুয়েলকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালটির চিকিৎসক সউদ কবির মালিক বলেন, জুয়েলের মাথার পাঁচটি স্থানে ও দুই হাতে কোপানো হয়েছে। মাথায় ক্ষতের সৃষ্টি হয়েছে। সিটি স্ক্যান ছাড়া অবস্থা বোঝা যাবে না। তাঁকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এই হামলা চালিয়েছে, তা খুঁজে বের করা হবে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।