বিকেলে পুত্রবধূকে কুপিয়ে রাতে শ্বশুরের কীটনাশক পানে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ জেলার মানচিত্র

পারিবারিক কলহ থেকে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন শ্বশুর ও পুত্রবধূ। একপর্যায়ে শ্বশুর আবদুল গণি (৬০) উত্তেজিত হয়ে হাতের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে পুত্রবধূকে কুপিয়ে আহত করেন। সবাই যখন পুত্রবধূকে নিয়ে হাসপাতালে ছোটাছুটিতে ব্যস্ত, তখন বাড়িতে কীটনাশক পান করেন আবদুল গণি। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর আজ মঙ্গলবার ভোর চারটার দিকে তাঁর মৃত্যু হয়। আবদুল গণি ওই গ্রামের মৃত হুজুর আলীর ছেলে। তাঁর পুত্রবধূর নাম নয়নতারা। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, আবদুল গণি ও তাঁর ছেলে বিপুল হোসেন (৩৮) আলাদা বাড়িতে থাকতেন। প্রায় এক বছর হলো আবদুল গণি তাঁর পুরোনো ভিটা বিক্রি করে ছেলের হাতে টাকা তুলে দেন। এরপর তিনি স্ত্রীকে নিয়ে ছেলের বাড়িতে বসবাস শুরু করেন। তবে ভিটা বিক্রির টাকা নিয়ে পূত্রবধূ নয়নতারার সঙ্গে প্রায়ই আবদুল গণির বচসা হতো। শ্বশুরের কাছে জমি বিক্রির আরও টাকা রয়েছে বলে অভিযোগ করতেন নয়নতারা। একপর্যায়ে গতকাল সোমবার বিকেলে শ্বশুরের দেওয়া টাকাগুলো ফেরত দিয়ে পুত্রবধূ তাঁদের বাড়ি থেকে নেমে যেতে বলেন। তখনই শ্বশুর ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নয়নতারাকে গুরুতর আহত করেন।

এই অবস্থায় প্রতিবেশীরা নয়নতারাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা খারাপ হওয়ায় মঙ্গলবার সকালে ঢাকায় নেওয়া হয়।

এদিকে পুত্রবধূকে কুপিয়ে আহত করার পর রাতে শ্বশুর আবদুল গণি নিজ ঘরে থাকা কীটনাশক পান করেন। বিষয়টি প্রতিবেশীরা বুঝতে পেরে রাতেই তাঁকে মহেশপুর হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার ভোররাত সাড়ে চারটার দিকে তাঁর মৃত্যু হয়।