বিক্রি হওয়া নবজাতকের পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিক্রি হওয়ার পর মায়ের কোলে ফিরে আসা নবজাতক আব্রাহান ও তার মা তামান্না আক্তারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন, চাঁদপুর পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতি ও মতলব উত্তর থানা-পুলিশ।
আজ শনিবার বেলা ১১টা থেকে ২টার মধ্যে পৃথক সময়ে উপজেলার বারোআনি গ্রামে তামান্না আক্তারের বাড়িতে যান প্রশাসনের কর্মকর্তা ও সংগঠনেরা নেতারা।
বেলা ১১টার দিকে চাঁদপুর পুনাকের সদস্য ও মতলব উত্তর থানা-পুলিশের সদস্যরা ওই নবজাতকের বাড়িতে যান এবং মা তামান্না আক্তারের হাতে নবজাতকের জন্য তিন সেট নতুন জামা, একটি শীতবস্ত্র ও পাঁচ হাজার টাকা দেন।
চাঁদপুর পুনাকের সভানেত্রী আফসানা শর্মি ওই নবজাতককে কোলে নিয়ে আদর করেন। এ সময় উপস্থিত ছিলেন পুনাকের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল।
চাঁদপুর পুনাকের সভানেত্রী আফসানা শর্মি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই ওই শিশু ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
বেলা দুইটার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবজাতক ও তার মায়ের জন্য একটি শোবার চৌকি, দুটি কম্বল ও বড় এক প্যাকেট শুকনা খাবার দেওয়া হয়। প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্যাহ এসব সামগ্রী নবজাতকের মায়ের হাতে তুলে দেন।
গতকাল শুক্রবার প্রথম আলোতে ‘সন্তানকে বেচে হাসপাতালের ‘‘পাওনা মেটালেন’’ মা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।