বিক্রির সময় উদ্ধার হওয়া ডাহুক-ঘুঘুসহ ৫৬টি পাখি ডানা মেলল আকাশে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার থেকে উদ্ধার করা বিভিন্ন প্রজাতির ৫৬টি পাখি অমুক্ত করেছে উপকূলীয় বন বিভাগ। আজ সোমবার বিকেলে উপকূলীয় বন বিভাগের জেলা কার্যালয়ের আকাশে পাখিগুলো অবমুক্ত করা হয়। ওই পাখিগুলোর মধ্যে বিরল প্রজাতির ১টি ডাহুক, ১টি ইগল, ৪টি শালিক ও ৫০টি ঘুঘু রয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমানের নেতৃত্বে বন বিভাগের একটি দল আজ সোমবার বেলা ১১টার দিকে বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করে। অভিযানে চৌমুহনী বাজারের একটি গলিতে পাখি বিক্রিকালে দুই যুবককে ধাওয়া করা হয়। এ সময় তাঁরা বিভিন্ন খাঁচায় থাকা ৫০টি ঘুঘু, ৪টি শালিক ও ১টি বিরল প্রজাতির ডাহুক পাখি ফেলে পালিয়ে যান।
সূত্র আরও জানায়, আজ বিকেলে উদ্ধার করা পাখিগুলোর সঙ্গে বন বিভাগের কার্যালয়ে চিকিৎসাধীন একটি বিরল প্রজাতির ইগলও অবমুক্ত করা হয়। ইগলটি নোয়াখালীর বেগমগঞ্জ এলাকা থেকে স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় ধরে ১৫ দিন আগে বন বিভাগের কাছে হস্তান্তর করেছিলেন। পরে পাখিটি বন বিভাগের কর্মকর্তারা চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন।
পাখি অবমুক্তকালে উপস্থিত ছিলেন নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান, বন্য প্রাণী ও জীববৈচিত্র৵ সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল, সদর রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।
এ সময় বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা উপস্থিত সাংবাদিকদের বলেন, ডাহুক, ইগল এসব পাখি এখন খুব একটা দেখা যায় না। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এসব পাখি সংরক্ষণ খুবই জরুরি।
পাখি শিকারিদের উৎপাত বন্ধে এ ধরনের অভিযানের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।