বিচারক সংকটে মামলা জট, মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে বিচারকের ১০টি পদের মধ্যে জেলা ও দায়রা জজসহ পাঁচটি শূন্য রয়েছে। এ ছাড়া জেলার পঞ্চম উপজেলা কালুখালীতে বিচারকের পদই সৃষ্টি হয়নি। এর ফলে মামলার দীর্ঘসূত্রতার কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন বিচারপ্রার্থীরা।

জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলা ও দায়রা জজ একটি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ একটি, যুগ্ম জেলা ও দায়রা জজ দুটি, সিনিয়র সহকারী জজ দুটি, সহকারী জজ দুটি, অতিরিক্ত সহকারী জজ একটি এবং ভূমি ও জরিপ ট্রাইব্যুনাল আদালতে বিচারকের একটি পদ রয়েছে। এর মধ্যে সহকারী জজের পদ দুটি শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। রাজবাড়ী সদর সহকারী জজ আদালতের পদটি প্রায় দুই বছর এবং সহকারী জজ গোয়ালন্দ প্রায় পাঁচ বছর ধরে শূন্য রয়েছে। অর্পিত সম্পত্তি (ভিপি) ট্রাইব্যুনাল দীর্ঘদিন আগে চালু হলেও এ পদে বিচারক নিয়োগ হয়নি। যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। অর্থঋণ আদালতের বিচারক ও জনবলও নিয়োগ হয়নি। যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তা ছাড়া জেলা জজ আদালত সৃষ্ট হওয়ার পর থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত চালু হলেও বিচারক নিয়োগ হয়নি। জেলা ও দায়রা জজ এ আদালতের কার্যক্রম পরিচালনা করতেন। গত বৃহস্পতিবার তিনিও অবসরে গেছেন। ফলে এ পদটি শূন্য হয়ে গেছে। ভূমি ও জরিপ ট্রাইব্যুনাল আদালতে বিচারক নিয়োগ করা হলেও জনবল সংকট রয়েছে। গত আগস্ট পর্যন্ত জজ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে মোট ১২ হাজার ৭৩৮। এর মধ্যে দেওয়ানি মামলা ৮ হাজার ২৮৫টি এবং ফৌজদারি মামলা ৪ হাজার ৪৫৩টি।

গোয়ালন্দ সহকারী জজ আদালতে ২০০৮ সালে দেওয়ানি মামলা করেন আছালত ব্যাপারী। তিনি বলেন, ‘আদালতে হাকিম না থাকায় সাক্ষী নেওয়া হচ্ছে না। সব কাজ ফেলে রেখে কিছুদিন পরপর আদালতে হাজির হতে হয়। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না।’

জেলা শহরের সজ্জনকান্দা গ্রামের মেহেদী হাসান জানান, তাঁর ছোট ভাই স্কুলশিক্ষককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় ২০১৩ সালে মামলা দায়ের করেন। এখন পর্যন্ত মামলাটির দৃশ্যমান অগ্রগতি নেই। মামলাটির বিচার শেষ হলে খুব উপকার হতো।

জেলা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী স্বপন কুমার সোম বলেন, ‘পাঁচটি উপজেলার দায়িত্ব পালন করছেন মাত্র একজন অতিরিক্ত সহকারী জজ। দ্রুত বিচার শেষ না হওয়ায় ভুক্তভোগীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়াসহ হতাশায় ভোগেন। এতে আমরা আইনজীবীরাও অসহায় বোধ করছি।’