বিচারকের উদ্যোগে জোড়া লাগল ৫০ দম্পতির সংসার
যৌতুকসহ পারিবারিক নানা ঝামেলা নিয়ে স্বামীদের বিরুদ্ধে আদালতে পৃথক মামলা করেছিলেন ৫০ নারী। এই নারীদের অনেকেই সংসার ছেড়ে নিজের বাবাসহ আত্মীয়স্বজনের বাড়িতে ছিলেন। আদালতের বিচারক দুই পক্ষের বক্তব্য শুনে তাঁদের ‘ভাঙা’ সংসার জোড়া লাগানোর উদ্যোগ নেন। আদালতের এমন ব্যতিক্রমী উদ্যোগের ফলে সুনামগঞ্জের ৫০ জোড়া দম্পতি নতুন করে সংসার শুরু করেছেন। আজ মঙ্গলবার পৃথক ৫০টি মামলার এমন রায় দেন সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন।
রায়ের পর আদালতের কর্মীরা ফুল দিয়ে এই দম্পতিদের শুভেচ্ছা জানান। একই সময়ে তাঁদের সন্তানদের দেওয়া হয় চকলেট। অভিযোগ আপসে নিষ্পত্তি হওয়ায় আসামিদের মামলার দায় থেকে অব্যাহতি দেন বিচারক। রায় নিয়ে কেউ অসন্তোষ প্রকাশ করেননি।
ব্যতিক্রমী এই রায়ের বিষয়ে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নান্টু রায় প্রথম আলোকে বলেন, মামলার নিষ্পত্তির শর্তে স্বামী-স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্যদের সঙ্গে সদ্ভাব বজায় রাখা, স্বামী-স্ত্রী উভয়ে উভয়কে যথাযোগ্য মর্যাদা দেওয়া, মনোমালিন্য, বিরোধ দেখা দিলে নিজেরা আলাপ–আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান করা, স্ত্রীকে নির্যাতন না করা, যৌতুক না চাওয়ার মতো বিষয়গুলো বলা আছে।
আদালত প্রাঙ্গণে সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা সিকন্দর আলী ও সোমা আক্তার প্রথম আলোকে বলেন, তাঁদের বিয়ে হয়েছিল সাত বছর আগে। ছয় বছর বয়সী একটি ছেলে আছে। দেড় বছর আগে একদিন সামান্য বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এ সময় স্ত্রীকে মারধর করেন স্বামী। পরে সোমা আক্তার ছেলেকে নিয়ে তাঁর বাবার বাড়ি চলে যান। এর মাস দুয়েক পর সোমা আক্তার সিকন্দর আলীর বিরুদ্ধে যৌতুকের মামলা দেন।
সোমা আক্তার বলেন, ‘মামলা শেষ হওয়ায় খুশি। আজই ছেলে নিয়া বাড়িত যাইমু। তাইন (সিকন্দর) আর মারামারি খরতা (করবে) না খইছইন (বলেছেন)।’
আদালতের সরকারি কৌঁসুলি নান্টু রায় জানান, নির্যাতনের শিকার হয়ে নারীরা তাঁদের ছোট ছোট সন্তান নিয়ে অর্ধাহারে-অনাহারে অন্যত্র আশ্রয় নিয়ে অনিশ্চিত এক জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। স্বামী-স্ত্রী ও তাঁদের সন্তানদের পারিবারিক বলয়ে আবদ্ধ করে দিয়েছেন বিচারক।
সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আইনুল ইসলাম বলেন, ‘আমরা এর আগেও লক্ষ করেছি, এই আদালতের বিচারক একইভাবে বেশ কিছু মামলা নিষ্পত্তি করেছেন। শিশুদের কারাগারের বদলে সংশোধনের জন্য পাঠিয়েছেন পরিবারে। এসব উদ্যোগে সমাজে ইতিবাচক প্রভাব পড়বে। এসব রায় উদাহরণ।’
এর আগে একইভাবে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক গত বছরের ২২ ফেব্রুয়ারি আরও ৫৪টি মামলা আপসে নিষ্পত্তির মাধমে ৫৪ দম্পতির সংসার জোড়া লাগিয়ে দেন।