বিচারকের মধ্যস্থতায় প্রথম মা–বাবাকে একসঙ্গে পেল ১১ মাসের জান্নাত
নুরে জান্নাতের বয়স এখন ১১ মাস। জন্মের পর থেকে মায়ের সান্নিধ্য পেলেও পায়নি বাবার আদর। পারিবারিক কলহ নিয়ে মামলার কারণে আলাদা থাকতেন মা–বাবা। অবশেষে বিচারকের মধ্যস্থতায় মিটল সেই কলহ, মা–বাবাকে একসঙ্গে পেল জান্নাত।
রোববার বিকেলে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমানের খাসকামরায় এই বিরোধ মীমাংসা হয়। এ সময় জান্নাতের মা-বাবা ও স্বজনদের উপস্থিতিতে সৃষ্টি হয় আনন্দঘন মুহূর্তের। বিচারকের আয়োজনে মিষ্টিমুখ করানো হয় উপস্থিত সবাইকে। শিশুটির জন্য কেনা নতুন পোশাক নিজের হাতে পরিয়ে দেন বিচারক মো. মতিউর রহমান।
আদালত সূত্রে জানা যায়, জান্নাতের বাবা সার-কীটনাশক ব্যবসায়ী মো. নুরজামাল ইসলাম (২৭), মা আঁখি মণি (২৫)। ২০১৭ সালের ১৬ অক্টোবর নুরজামাল ও আঁখির বিয়ে হয়। নুরজামাল দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের নুল্ল্যাপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। আঁখি নীলফামারী জেলার ডোমার উপজেলার বড় রাউতা এলাকার রাশেদুল ইসলামের মেয়ে।
বিয়ের পর পারিবারিক কলহের জেরে ২০১৯ সালের ১ নভেম্বর স্ত্রী আঁখি তাঁর বাবার বাড়িতে চলে যান। এরপর ৮ নভেম্বর নুরজামাল শ্বশুরবাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেন। পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে আসতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা নুরজামালকে মারধর করেন। এ ঘটনায় নুরজামাল ২০১৯ সালের ৩ ডিসেম্বর শ্বশুরসহ ছয়জনের বিরুদ্ধে পঞ্চগড় আদালতে একটি মারধরের মামলা করেন। সেই মামলা চলাকালে নুরজামাল তাঁর স্ত্রী আঁখি মণিকে বাড়িতে নিয়ে এসে সংসার করছিলেন। এরপর আবারও কলহের সৃষ্টি হলে আঁখি মণি বাবার বাড়িতে যান।
২০২০ সালের ৪ ডিসেম্বর স্বামী নুরজামালের বিরুদ্ধে পঞ্চগড় আদালতে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। স্বামী-স্ত্রী আলাদা থাকতে শুরু করেন। ওই মামলা দায়েরের সময় আঁখি মণি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এরপর বাবার বাড়িতেই তাঁর কন্যাসন্তানটির জন্ম হয়।
পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলতের বেঞ্চ সহকারী আশরাফুল ইসলাম বলেন, নুরজামাল ইসলামের দায়ের করা মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছিল। ১১ মাসের ছোট্ট শিশুটি নিয়ে আদালতে আসা–যাওয়ার বিষয়টি বিচারক মতিউর রহমানকে ভাবনায় ফেলে দেয়। ফুটফুটে শিশুটির ভবিষ্যতের কথা ভেবেই তিনি আপসের উদ্যোগ নিয়েছেন।
অবশেষে রোববার বিকেলে বিচারক তাঁর খাসকামরায় দুই পক্ষকে ডেকে পরস্পরের মধ্যে সমঝোতা করে দেন। দুজনের দুটি মামলায় আপসনামা দাখিল করার সিদ্ধান্তও হয়। এ সময় দুই পক্ষকে মিষ্টিমুখ করানোসহ শিশুটির জন্য কিনে আনা নতুন পোশাক নিজ হাতে পরিয়ে দেন বিচারক।
স্ত্রী আঁখি মণি বলেন, ‘বিচারকের উদ্যোগে আমরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। আমার ছোট্ট মেয়েটিকে নিয়ে আমার আর দুশ্চিন্তা রইল না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।’
স্বামী নুরজামাল ইসলাম বলেন, ‘বাবা হিসেবে আমার মেয়েকে ১১ মাস পর কোলে নিতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। আমাদের দাম্পত্য জীবন ফিরিয়ে দিতে বিচারকের এই উদ্যোগ আমি সারা জীবন মনে রাখব।’