রাজধানীর উত্তরা-পূর্ব থানায় রিমান্ডে থাকা অবস্থায় পুলিশের হেফাজতে মোহাম্মদ লিটন নামের মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে আজ বুধবার বগুড়ায় সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছেন পরিবহনশ্রমিকেরা।
ওই সমাবেশ থেকে ৭ আগস্টের মধ্যে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে ৮ আগস্ট থেকে উত্তরবঙ্গ থেকে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
বগুড়া সদর থানা–পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই ৫ হাজার ৮০০টি ইয়াবা বড়িসহ উত্তরার বিডিআর বাজার এলাকা থেকে লিটনকে গ্রেপ্তার করে র্যাব। ওই দিনই র্যাব বাদী হয়ে তাঁর বিরুদ্ধে উত্তরা-পূর্ব থানায় মাদক আইনে মামলা করে। শ্রমিক লিটনের বাড়ি বগুড়ার কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামে। তিনি একজন ট্রাকচালক ছিলেন। মাদকের ওই মামলায় ১ আগস্ট লিটনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ। সোমবার রিমান্ডের প্রথম দিনে লিটনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা উত্তরা-পূর্ব থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম। রাতে হাজতখানা থেকে লিটনের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য তাঁর লাশ টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর আজ লাশ বগুড়ায় পাঠানো হয়।
পুলিশ হেফাজতে আসামি মৃত্যুর বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপকমিশনার তাপস কুমার দাস গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে বলেছিলেন, কম্বল ছিঁড়ে গলায় পেঁচিয়ে হাজতখানার ভেন্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আসামি লিটন। হাজতখানার সিসিটিভির ফুটেজ যাচাই করে পুলিশ এই তথ্য নিশ্চিত হয়েছে। এ ঘটনায় উত্তরা-পূর্ব থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আসামি লিটনের মৃত্যুর ঘটনায় উত্তরা-পূর্ব থানা তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ময়নাতদন্তের পর আজ বেলা পৌনে ১১টার দিকে লিটনের লাশবাহী অ্যাম্বুলেন্স বগুড়া শহরের চারমাথা এলাকার ভবেরবাজার ট্রাক টার্মিনালের সামনে পৌঁছালে সেখানে পরিবহনমালিক-শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মণ্ডল। বক্তব্য দেন মালিক শ্রমিক যৌথ সংগ্রাম কমিটির নেতা ও জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান আকন্দ, জেলা মোটরমালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল, আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
সমাবেশে মালিক-শ্রমিক যৌথ কমিটির নেতা আবদুল মান্নান আকন্দ বলেন, ট্রাকশ্রমিক লিটনকে নির্যাতনের ঘটনায় জড়িত রাজধানীর উত্তরা-পূর্ব থানার পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে তাঁরা এ অবরোধ করেছেন। ৭ আগস্টের মধ্যে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে ৮ আগস্ট থেকে উত্তরাঞ্চল থেকে সারা দেশের যান চলাচল বন্ধ থাকবে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা পৌনে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন ও আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন যৌথভাবে শহরের চারমাথা এলাকায় এই অবরোধ সৃষ্টি করে। পরে সেখানে পুলিশ গিয়ে শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। তবে অবরোধ কর্মসূচির কারণে বগুড়া শহরের মাটিডালি থেকে চারমাথা হয়ে সিলিমপুর পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়কের দুই পাশে আটকা পড়ে কয়েক শ যানবাহন।
বগুড়া মোটরশ্রমিক ইউনিয়ন ও আন্তজেলা ট্রাকশ্রমিক ইউনিয়নের চারজন নেতা বলেন, মোহাম্মদ লিটন ৩০ জুলাই চট্টগ্রাম থেকে চাল নিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সরকারি খাদ্যগুদামে তা খালাস করতে যান। এ সময় তাঁকে আটক করে র্যাব। এরপর র্যাব তাঁকে উত্তরা-পূর্ব থানায় সোপর্দ করে। ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত থানা হেফাজতে ছিলেন লিটন।
বগুড়া আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান বলেন, ‘পুলিশের হেফাজতে নির্যাতন চালিয়ে লিটনকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমরা শ্রমিকদের নিরাপত্তা চাই। এ ঘটনায় জড়িত উত্তরা-পূর্ব থানার পুলিশের শাস্তি চাই। ৭ আগস্টের মধ্যে দাবি আদায় না হলে পরিবহন খাতে অচলবস্থার জন্য প্রশাসনকে দায় নিতে হবে।’
এ বিষয়ে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ট্রাকচালক লিটনের নামে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের চারটি মামলা রয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনার পর তাঁরা অবরোধ তুলে নিয়েছেন।