বিচারের দাবিতে সমাবেশ ও আলোক প্রজ্বালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মোমবাতি প্রজ্বালন। গতকাল সন্ধ্যায় নগরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে
প্রথম আলো

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৯১ মাস পার হলো গতকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে বিকেলে সমাবেশ ও আলোক প্রজ্বালন করেছে জেলা সাংস্কৃতিক জোট। নগরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে আয়োজক সংগঠনের সভাপতি ভবানী শংকর রায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ। সমাবেশ সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ।

রফিউর রাব্বি বলেন, বিচারহীনতা ও কর্তৃত্ববাদী শাসন দেশকে আজ ভয়াবহ পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। শাসকগোষ্ঠীর ছত্রচ্ছায়ায় সারা দেশে যেভাবে ধর্ষণের বিস্তার ঘটেছে, তা আতঙ্কজনক, উদ্বেগজনক ও ভবিষ্যতের জন্য অশনিসংকেত। একে বাসোপযোগী সমাজ বলা চলে না। নারী, শিশু, যুবক আবালবৃদ্ধবনিতা সবাই এই দেশে আজ অনিরাপদ। জনগণের নিরাপত্তা দেওয়ার শপথ করে যাঁরা ক্ষমতা গ্রহণ করেছিলেন, তাঁরাই পদে পদে শপথ ভঙ্গ করে চলেছেন, সংবিধান লঙ্ঘন করে চলেছেন, মানুষের জীবন দুর্বিষহ করে তুলছেন। এটাকে কোনোভাবেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ বলা চলে না। বিচারহীনতাকে সরকার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। স্বাধীনতার আগে বিদেশি শাসকগোষ্ঠীর শাসনামলেও এমনি বিচারহীনতার নজির ছিল না। দলীয় দুর্বৃত্তদের রক্ষা করার জন্য সরকার সাড়ে সাত বছর ধরে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রেখেছে।

সমাবেশে হালিম আজাদ বলেন, সাড়ে ছয় বছর আগে ত্বকী হত্যার তদন্ত শেষ হয়ে অভিযোগপত্র তৈরি করে রাখার পরও তা আদালতে পেশ করা হয়নি। সরকার মুখে যা–ই বলুক না কেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা যেহেতু সরকারদলীয়, সরকারের আশ্রয়-প্রশ্রয়ে আছে, সে কারণেই সাড়ে সাত বছর ধরে এ বিচার হচ্ছে না। ত্বকী হত্যার এক বছরের মধ্যেই তদন্ত সংস্থা র‍্যাব সংবাদ সম্মেলন করে জানিয়েছে, ওসমান পরিবারের লোকজন ত্বকীকে হত্যা করেছে। অথচ ঘাতক খুনিরা সরকারের সহায়তায় আজও ঘুরে বেড়ায়। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনাকে ত্বকী হত্যার বিচার করতে হবে।’

২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ত্বকী। এর দুই দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।