বিচারের প্রতীক্ষায় দুই দশক

২০০১ সালের ১৬ জুন রাতে আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলায় ২০ জন নিহত হন, আহত হন শতাধিক।এখনো বিচার শেষ হয়নি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃত্রিম পায়ে ক্র্যাচে ভর দিয়ে চলাফেরা করেন বোমা হামলায় দুই পা হারানো রতন কুমার দাস। গতকাল নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়ায়।
ছবি: প্রথম আলো

দুই দশক আগে এক সন্ধ্যায় আওয়ামী লীগের কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন রতন কুমার দাস। দলীয় কার্যালয়ে কর্মসূচি শুরুর পর রাত পৌনে নয়টার দিকে হঠাৎ বিকট বিস্ফোরণ। তাঁর চোখের সামনে নিহত হন ২০ জন। ভয়ংকর সেই ঘটনায় প্রাণে বেঁচে গেলেও দুই পা হারিয়েছেন রতন। কৃত্রিম দুটি পা লাগিয়ে স্ট্রেচার ও হুইলচেয়ারে জীবন যাপন করলেও ভোগান্তির শেষ নেই তাঁর।

গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া এলাকার বাড়িতে বসে রতন কুমার দাস বলছিলেন, সেদিনের বিস্ফোরণের পর আহত ব্যক্তিদের ভয়াবহ আর্তনাত দেখেছেন। এখনো ঘুমের ভেতরে আঁতকে ওঠেন। তিনি বলেন, ‘তিন বছর আগে ওই হামলায় আদালতে সাক্ষ্য দিয়েছি। কিন্তু এখনো বিচার পাইনি। বিচার না হওয়া পর্যন্ত মন সন্তুষ্ট হবে না।’ সেই সময় রতন ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। বর্তমানে তিনি জেলা যুবলীগের সহসভাপতি পদে আছেন।

২০০১ সালের ১৬ জুন রাতে শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে তৎকালীন সাংসদ শামীম ওসমানের গণসংযোগ কর্মসূচি ছিল। কর্মসূচি চলাকালে বিকট শব্দে শক্তিশালী দুটি বোমা বিস্ফোরণে ২০ জন নিহত হন। আহত হন সাংসদ শামীম ওসমানসহ শতাধিক নেতা–কর্মী। ওই হামলায় রতনের মতো দুই পা হারিয়েছেন মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি চন্দন শীলও। ওই ঘটনায় আওয়ামী লীগ নেতা খোকন সাহা বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে সদর মডেল থানায় পৃথক দুটি মামলা করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুটি মামলায় ২০১৩ সালের ২ মে অভিন্ন ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

মামলাটির সর্বশেষ অবস্থা নিয়ে নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবদুর রহিম প্রথম আলোকে বলেন, হত্যা মামলায় বাদীসহ সাক্ষী ৫৬ জন এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বাদীসহ সাক্ষী ৮২ জন। ইতিমধ্যে দুই মামলায় ১৬ জন সাক্ষ্য দিয়েছেন। করোনার কারণে বর্তমানে আদালের বিচার কার্যক্রম চলছে না। দুই যুগেও বিচার শেষ না হওয়ার বিষয়ে তিনি বলেন, এই মামলার অন্যতম আসামি শাহাদাৎ উল্লাহ ওরফে জুয়েলের বিরুদ্ধে প্রত্যেক জেলায় মামলা রয়েছে। নারায়ণগঞ্জ আদালতে যখন শুনানির তারিখ থাকে, তখন দেখা গেছে অন্য মামলায় তাঁকে অন্য জেলায় নিয়ে গেছে পুলিশ। এ কারণে বিচারকার্য বিঘ্নিত হয়েছে।

ওই বোমা হামলায় নিহত ২০ জনের মধ্যে আপন দুই ভাই সরকারি তোলারাম কলেজের সাবেক জিএস আক্তার হোসেন ও সংস্কৃতিকর্মী মশিউর মশু নিহত হন। দীর্ঘদিনেও বিচার না হওয়ায় হতাশ স্বজনেরা।

আট বছর বয়সে বাবা আক্তার হোসেনকে হারান সাফকাত হোসেন। এখন সাফকাত বিবিএ পড়ছেন। বাবাকে নিয়ে তাঁর স্মৃতি এখনো তাজা। সাফকাত জানান, বাবা ছিলেন তাঁর ভালো বন্ধু। ক্রিকেট ভালোবাসতেন। যেদিন মারা যায়, ওই দিন পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল। তাকে টিভিতে খেলা দেখে কে কত স্কোর করেছে, তা জানাতে বলে গিয়েছিলেন। এটাই ছিল তাঁর বাবার সঙ্গে শেষ দেখা, শেষ কথা।

সাফকাত হোসেন বলেন, ‘বাবা মানুষের জন্য কাজ করতেন। যখন মানুষের কাছ থেকে যখন বাবার প্রশংসা শুনি, তখন গর্ববোধ করি। বাবাকে অনেক মিস করি। বাবার শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়।’

মশিউর মশুর বড় বোন কামরুন নাহার বলেন, ‘রাষ্ট্রের কাছে বিচার চাইতে চাইতে আমরা ক্লান্ত। কিন্তু বিচার পাইনি। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না, যেখানে ২০ বছরেও খুনিদের বিচার হবে না।’

নৃশংস ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শওকত হোসেনের ছেলে সাঈদ হোসেন বলেন, বাবার মৃত্যুতে পড়াশোনা বাদ দিয়ে সংসারের হাল ধরেছেন। কেউ তাঁদের খোঁজ নেয়নি। তাঁর বাবা বঙ্গবন্ধু ও তাঁর পরিবার নিয়ে ‘হৃদয়ে আর্তনাত’ নামে কবিতার বই লিখেছিলেন। কিন্তু সেটি তিনি দিয়ে যেতে পারেননি। তাঁর বাবার শেষ ইচ্ছা, সেই বইটি তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চান।

মামলার বাদী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা প্রথম আলোকে বলেন, তিনি বাদী হিসেবে আশা করছেন ১৬ জুন বোমা হামলার বর্ষপূতির আগে নৃশংস এই বোমা হামলা–মামলার বিচার শেষ হবে।

মামলার অভিযোগপত্রভুক্ত ছয় আসামিরা হলেন মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাৎ উল্লাহ জুয়েল, হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান, হুজির সদস্য দুই ভাই আনিসুল মোরসালীন, মাহবুবুল মুত্তাকিন, নগরীর উত্তর চাষাঢ়ার বাসিন্দা ওবায়দুল হক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নগর বিএনপির যুগ্ম সম্পাদক শওকত হাশেম। এঁদের মধ্যে অন্য একটি মামলায় মুফতি হান্নানের ফাঁসি হয়েছে। শাহাদাৎ উল্লাহ কারাগারে এবং আনিসুল ও মাহবুবুল ভারতের কারগারে আটক। ওবায়দুল হক অসুস্থ হয়ে চাষাঢ়ার বাড়িতে। অপর আসামি কাউন্সিলর শওকত হাশেম উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।