বিজয়ীর মতো ঘরে ফেরে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া এলাকা মুক্ত করতে ভারতীয় বাহিনীকে পাকিস্তানি সেনাদের সঙ্গে কঠিন যুদ্ধের মুখোমুখি হতে হয়। এতে ৮২ জন পাকিস্তানি সেনা এবং ৫৫ জন ভারতীয় সেনা নিহত হয়।
স্থানীয় মুক্তিযোদ্ধাদের মতে, ৬ ডিসেম্বর নবাবগঞ্জ মুক্ত হয়। স্বাধীনতাযুদ্ধের সময় ভারতের ইস্টার্ন আর্মির চিফ অব স্টাফ লে. জেনারেল জ্যাক জ্যাকবের লেখা সারেন্ডার অ্যাট ঢাকা বইয়ের তথ্য অনুযায়ী ভাদুরিয়া মুক্ত হয় ১১ ডিসেম্বর।
যুদ্ধের সময় ভাদুরিয়া স্কুলের সহকারী শিক্ষক ছিলেন আজিজুল হক (খোকা চেয়ারম্যান)। তিনি জানান, পাকিস্তানি সেনাদের ঘাঁটি ছিল ঘোড়াঘাটের বলাহার ও ডুগডুগিতে। সেখান থেকে তারা এক রাতে ভাদুরিয়ায় এসে প্রচুর বাঙ্কার খনন করে। এ খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনীর একটি দল পরের দিন ভাদুরিয়ার পশ্চিম দিক রত্নাদিঘি গ্রামের দিক দিয়ে এবং ভাদুরিয়ার উত্তর দিকের দাউদপুর গ্রাম থেকে ট্যাঙ্কসহ ভাদুরিয়ায় ঢুকতে থাকে। এ সময় ভাদুরিয়ায় থাকা পাকিস্তানি সেনাদের দলটি কোনো যুদ্ধ ছাড়াই ঘোড়াঘাটের ডুগডুগিতে চলে যায়। ভারতীয় সেনারা সেখানে সাদা পতাকা উড়িয়ে দিয়ে দাউদপুরে চলে যায়। ওই দিন রাতেই পাকিস্তানি সেনারা আবার তাদের তৈরি বাঙ্কারে চলে আসে। দাউদপুরে অবস্থানরত ভারতীয় সেনাদের সঙ্গে সে রাতে পাকিস্তানি সেনাদের তুমুল যুদ্ধ হয়। পরে হিলির ছাতনী দিয়ে ভারতীয় সেনারা পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ করে। অবশেষে ভাদুরিয়া মুক্ত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমির হোসেন জানান, পাকিস্তানি সেনারা ভাদুরিয়া আসার পর ওই রাতেই হিন্দু পাড়াতে আগুন ধরিয়ে দেয়। ওই পাড়ার ১৪-১৫টি হিন্দু পরিবার রাতেই ভারতে চলে যায়।
লোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রোস্তম আলী জানান, যুদ্ধে পাকিস্তানি সেনাদের দুটি এবং মিত্র বাহিনীর একটি ট্যাঙ্ক নষ্ট হয়। পাকিস্তানি সেনারা বিমান থেকেও গোলা বর্ষণ করে। ওই সময় স্থানীয় মানুষ রেডিওর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা মুক্ত হওয়ার খবর শুনতে পাচ্ছিল। ফলে ভাদুরিয়া পতনের পর এলাকাবাসী দেশ স্বাধীনের সুবাতাস পেতে শুরু করে। বাড়িতে ফিরেই স্থানীয় বাসিন্দারা যুদ্ধ ও পাকিস্তানি সেনাদের লুটপাটে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত শুরু করে।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রহমান ও মমতাজুর রহমানসহ স্থানীয়রা জানান, কৌশলগত দিক দিয়ে ভাদুরিয়া একটি গুরুত্বপূর্ণ এলাকা। যার কারণে পাকিস্তানি সেনাবাহিনী ভাদুরিয়াতে কঠিন প্রতিরোধ গড়ে তোলে।
স্থানীয় টিন ব্যবসায়ী শাহিদুর রহমান জানান, ভাদুরিয়া যুদ্ধ শেষ হওয়ার আগেই দেশের বিভিন্ন এলাকা মুক্ত হওয়ার খবর আসতে থাকে। ফলে ভাদুরিয়া থেকে চলে যাওয়া মানুষজন অনেকটা বিজয়ীর মতো নির্ভয়ে ভাদুরিয়াতে নিজ বাড়িতে ফিরতে শুরু করে। স্থানীয় কৃষক গোলজার রহমান ও ব্যবসায়ী আ. গোফ্ফার জানান, যুদ্ধের পর কারও বাড়িতেই পর্যাপ্ত খাবার ছিল না। সবাই খাবারের সন্ধানে ব্যস্ত হয়ে পড়েন। ক্ষতি পুষিয়ে নিতে সবাই নিজ নিজ জমিতে চাষাবাদের জন্য ব্যস্ত হয়ে পড়েন। এলাকায় মুক্তিবাহিনী থাকায় মানুষের মধ্যে কোনো ভয়ভীতি ছিল না।