বিজ্ঞান নিয়ে ভাবনায় দুপুর থেকে রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞান উৎসবে নিজেদের তৈরি বিভিন্ন ধরনের ভাবনা ও প্রকল্প নিয়ে হাজির হয় শিক্ষার্থীরা। গতকাল বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি থেকে তোলা ছবি l প্রথম আলো
বিজ্ঞান উৎসবে নিজেদের তৈরি বিভিন্ন ধরনের ভাবনা ও প্রকল্প নিয়ে হাজির হয় শিক্ষার্থীরা। গতকাল বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি থেকে তোলা ছবি l প্রথম আলো

প্রতিযোগিতা শুরু হওয়ার কথা বেলা দুইটায়। এর আধা ঘণ্টা আগেই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের অবস্থা যেন ‘তিল ঠাঁই আর নাইরে’। বিজ্ঞানপ্রিয় খুদে শিক্ষার্থীদের কোলাহলে জমজমাট পুরো প্রাঙ্গণ। কেবল শিক্ষার্থীরা নয়, হাজির ছিলেন অনেক অভিভাবকও। প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় আট ঘণ্টা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে বিজ্ঞানের প্রতি কতটা ভালোবাসা তাদের।
গতকাল শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল রয়েল সিমেন্ট-প্রথম আলো বিজ্ঞান উৎসবের সমাপনী পর্ব। নগরের ২৮টি বিদ্যালয় ও কলেজের প্রায় ৮০০ শিক্ষার্থী এই উৎসবে অংশ নেয়। উৎসবে বিজ্ঞান প্রকল্প ও কুইজ—এই দুটি বিষয়ের ওপর প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা।
বিজ্ঞান প্রকল্পের জন্য নিবন্ধন করেছিল ৭৬টি দল (প্রতি দলে তিনজন সদস্য)। কিন্তু গতকাল শেষ পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেয় ৮০টি দল। আর বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় ৬০০ শিক্ষার্থী। তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। ‘ক’ ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে অষ্টম, ‘খ’ ক্যাটাগরিতে নবম ও দশম এবং ‘গ’ ক্যাটাগরিতে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি ভবনের প্রথম ও তৃতীয় তলায় অনুষ্ঠিত হয় বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতা। নানা ধরনের উদ্ভাবনী প্রকল্প নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল শিক্ষার্থীরা। তাদের মধ্যে কারও ভাবনা ছিল কলার খোসা থেকে পরিবেশবান্ধব প্লাস্টিক উৎপাদনের, আবার কেউবা তৈরি করেছে গ্যাস বা অগ্নিদুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার সিকিউরিটি অ্যালার্ম (সতর্কীকরণ শব্দযন্ত্র)। আবার পলিথিন ও কাঠের গুঁড়া দিয়ে বায়োগ্যাস উৎপাদনের মজার ভাবনাও ভেবেছে কেউ কেউ।

উৎসবে শিক্ষকদের কাছে বিজ্ঞান নিয়ে এক শিক্ষার্থীর প্রশ্ন
উৎসবে শিক্ষকদের কাছে বিজ্ঞান নিয়ে এক শিক্ষার্থীর প্রশ্ন

বিজ্ঞান প্রকল্পের বিচারক ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. বেলাল হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম মুরশিদুল আলম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক টোটন চন্দ্র মল্লিক, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লিংকন চৌধুরী, জয়শ্রী দাশ ও মিনহাজ হোসাইন।
ভেতরে যখন বিজ্ঞান প্রকল্পের প্রতিযোগিতা হচ্ছিল, তখন শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে বসেছে কুইজ প্রতিযোগিতার আসর। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের বিজ্ঞানবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিক্ষক মো. বেলাল হোসেন, লিংকন চৌধুরী ও এস এম মুরশিদুল আলম।
প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও রয়েল সিমেন্ট লিমিটেডের প্রধান যোগাযোগ কর্মকর্তা ফয়সাল নাছির খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় বিশ্বাস।
অনুষ্ঠানে চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম বলেন, এ ধরনের উৎসব ও প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আরও আগ্রহী করে তুলবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হওয়ার কারণে নতুন প্রজন্মের মেধা বিকাশের নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এখানে থেমে যাবে না, সামনের দিকে আরও এগিয়ে যেতে হবে।’

বিজ্ঞান উৎসবে ছিল নৃত্য
বিজ্ঞান উৎসবে ছিল নৃত্য

বিশ্বজিৎ চৌধুরী বলেন, সম্ভাবনাময় মেধাবী কিশোর-তরুণদের মেধা বিকাশের জন্য প্রথম আলো নিয়মিত ভাষা প্রতিযোগ, গণিত উৎসব, বিজ্ঞান উৎসব আয়োজন করে যাচ্ছে। আজকের প্রজন্ম মেধাবী প্রজন্ম। তরুণ প্রজন্ম তাদের কাজের মাধ্যমে পৃথিবীতে বাংলাদেশের নাম আরও ছড়িয়ে দেবে।
রয়েল সিমেন্ট লিমিটেডের প্রধান যোগাযোগ কর্মকর্তা ফয়সাল নাছির খান বলেন, ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের সঙ্গে তাঁরা যুক্ত থাকতে চান।
বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে (ক, খ ও গ) বিজয়ী হয়েছে ১৫টি দল। আর কুইজ প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে ১৫ জন শিক্ষার্থী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন চট্টগ্রাম বন্ধুসভার সাংস্কৃতিক দলের সদস্যরা। সবশেষে ছিল ব্যান্ডদল নাটাইয়ের পরিবেশনা।
বিজ্ঞান উৎসবের অংশ হিসেবে গত ১৫ থেকে ৩০ মার্চ পর্যন্ত চট্টগ্রাম নগরের ২২টি বিদ্যালয় ও কলেজে বিজ্ঞানবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উৎসবের সার্বিক সহযোগিতায় ছিল চট্টগ্রাম বন্ধুসভা। বিজ্ঞান সহযোগী ছিল বিজ্ঞানবিষয়ক সাময়িকী বিজ্ঞানচিন্তা।