
জীবনের অঙ্ক মেলাতে হলে গণিতশাস্ত্র জানতে হবে। গণিতকে ভয় নয়, জয় করতে হবে। গণিতই পারে একটি উন্নত বিজ্ঞানমনস্ক জাতি তৈরি করতে। এ জন্য নিয়মিত চর্চা করতে হবে। গতকাল রোববার কুমিল্লায় আয়োজিত দিনব্যাপী ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে দেশের বিশিষ্ট গণিতবিদ, বিজ্ঞানপ্রেমী ব্যক্তিত্ব ও শিক্ষকেরা তাঁদের বক্তব্যে ঘুরেফিরে এ তাগিদই দেন।
কুমিল্লা জিলা স্কুল মাঠে সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের এবং সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন। এ সময় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একদল শিক্ষার্থী জাতীয় সংগীত পরিবেশন করে। কুমিল্লা ও চাঁদপুর জেলার ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৭০ জন শিক্ষার্থী উৎসবে অংশ নেয়।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বলেন, ‘গণিত মানুষকে সমস্যার সমাধান করতে শেখায়। যে গণিতে ভালো, সে সবকিছুতেই ভালো। এ প্রতিযোগিতার মাধ্যমে বিজ্ঞানমনস্ক বাংলাদেশ গড়তে হবে। খুদে গণিতবিদদের মধ্যে দেশপ্রেম জাগাতে হবে।’
মূল পর্ব গণিত অলিম্পিয়াডে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা চারটি শাখায় ১ ঘণ্টা ১৫ মিনিটের একটি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার পর মূল মঞ্চে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব।
এ পর্বে শিক্ষার্থীরা গণিত, পদার্থবিজ্ঞান ও কম্পিউটার বিষয়ের ওপর বিভিন্ন ব্যতিক্রমী ও জটিল প্রশ্ন করে জিতে নেয় বই পুরস্কার। এই পর্বে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ আহমেদ, একই কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সোহরাব হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক পার্থ চক্রবর্তী ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক এবং প্রথম আলো যুব কর্মসূচি সমন্বয়কারী মুনির হাসান।
বিকেলে সমাপনী পর্বে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ, কুমিল্লা গণিত ক্লাবের সভাপতি পদার্থবিদ অধ্যাপক কুন্ডু গোপীদাস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, প্রথম আলোর কুমিল্লার নিজস্ব প্রতিবেদক গাজীউল হক ও কুমিল্লা বন্ধুসভার সভাপতি অনিমা মজুমদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুনির হাসান।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ বলেন, ‘খুদে গণিতবিদদের মধ্যে নতুন আশা দেখতে পাচ্ছি। কঠিন সমস্যা ও ভয়ংকর রকমের প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশকে ওরাই এগিয়ে নিয়ে যাবে। মেধাকে শাণিত করতে হলে পাঠ্যপুস্তকের বাইরের বই পড়তে হবে।’
সমাপনী বক্তব্যের পর শুরু হয় পুরস্কার বিতরণ। কুমিল্লা অঞ্চলে বিজয়ী হয়েছে ৪৫ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক শাখায় ১১ জন, নিম্ন মাধ্যমিক শাখায় ১২ জন, মাধ্যমিক শাখায় ১১ জন এবং উচ্চ মাধ্যমিক শাখায় ১১ জন। বিজয়ীদের পদক, সনদ ও টি-শার্ট দেওয়া হয়।
দেশব্যাপী এবার চতুর্দশবারের মতো ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবের মাধ্যমে এ বছর জুলাইয়ে হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের দল নির্বাচন করা হবে। এ বছর ২৪টি জেলায় আঞ্চলিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীরা ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্যায়ের অলিম্পিয়াডে অংশ নেবে।
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান নিয়ে আয়োজিত কুমিল্লা অঞ্চলের গণিত উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে উৎসবটির ব্যবস্থাপনা করেছে প্রথম আলো। এতে সহযোগিতা করে কুমিল্লা বন্ধুসভা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সদস্যরা।