বিজ্ঞানমনস্ক জাতি তৈরি করার প্রয়াস

পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের উদ্বোধন। ছবি: প্রথম আলো
পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের উদ্বোধন। ছবি: প্রথম আলো

অন্যের কথা সহিষ্ণুতার সঙ্গে শোনা, যুক্তি দিয়ে নিজের কথা বলা এবং একটি যুক্তিবিদ বিজ্ঞানমনস্ক জাতি তৈরি করার প্রয়াসে শুরু হয়েছে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব। আজ শনিবার সকালে ইম্পেরিয়াল কলেজ ক্যাম্পাসে আঞ্চলিক পর্যায়ের প্রথম অনুষ্ঠানের উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকার বিতর্ক উৎসব শুরু হয়।

সকাল সাড়ে ১০টায় ইম্পেরিয়াল কলেজে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন বিতার্কিক ও টেলিভিশন ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার, ইম্পেরিয়াল কলেজের অধ্যক্ষ আরিফ আহমেদ, বন্ধুসভা জাতীয় পরিষদের সভাপতি সাইদুজ্জামান রওশন প্রমুখ। রামপুরা, গুলশান, বনানী ও বাড্ডা এলাকার ১০টি স্কুল এ বিতর্ক উৎসবে অংশ নিচ্ছে। বিতর্ক উৎসবে বিতর্কের পাশাপাশি কুইজ প্রতিযোগিতা হচ্ছে।

আজকের পর্বে শিক্ষার্থীরা ‘কোচিংপ্রথা শিক্ষার্থীদের শিক্ষাবিমুখ করছে’ বিষয় নিয়ে বিতর্কে অংশ নিয়েছে। বিকেলে অংশগ্রহণকারী দলগুলোর বিতর্কে বিজয়ীদের ফল ঘোষণা করা হবে।

উদ্বোধনের পর আব্দুন নূর তুষার বলেন, ‘বিতর্ক আমাদের জানতে ও বুঝতে এবং যুক্তি দিয়ে কথা বলতে শেখায়। বিতর্ক হলো মাথার ব্যায়াম। না জেনে তর্ক করা মানে ঝগড়া করা। আমরা তা করব না।’ কেবল জেতার জন্য নয়, জানার জন্য বিতর্ক করার পরামর্শ দেন তিনি।

উদ্বোধনের আগে বিতর্ক প্রতিযোগিতার কলাকৌশল ব্যাখ্যা, বিতর্কে মানবণ্টন, বিচারকেরা কোন কোন বিষয়ের ওপর নম্বর দেবেন, সেসব বিষয়ে সংক্ষেপে কর্মশালা হয়। এখানে বিতার্কিক জাফর সাদিক, উত্তম রায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন ব্যবস্থাপক কবির বকুল, সাবেক বিতার্কিক প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক রাশেদুল আলম, সাবেক বিতার্কিক উত্তম রায় ও বিবর্ধন রায়।

সারা দেশে ৬৩ জেলায় ৩৫টি অঞ্চলে অনুষ্ঠিত হওয়ার পর এবার ঢাকায় শুরু হয় পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব। এরপর ঢাকায় আরও মোট পাঁচটি বিতর্ক উৎসব হবে। এর মধ্যে একটি ইংরেজি বিতর্ক।

এরপর ১৫ মার্চ পুরান ঢাকার স্কুলগুলোকে নিয়ে রাজধানীতে বাংলাবাজার বালিকা উচ্চবিদ্যালয়ে, ১৬ মার্চ উত্তরা এলাকার স্কুলগুলোকে নিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, ২৩ মার্চ ধানমন্ডি ও ফার্মগেট এলাকার স্কুলগুলোকে নিয়ে রাজধানীর লালমাটিয়া উচ্চবিদ্যালয়ে এবং ২৯ মার্চ মিরপুর এলাকার স্কুলগুলোকে নিয়ে মনিপুর উচ্চবিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঢাকার সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি বিতর্ক অনুষ্ঠিত হবে। এ উৎসবের তারিখ প্রথম আলোর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিতর্ক উৎসবে বিতর্কের পাশাপাশি কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঢাকা পর্ব শেষে রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজে সারা দেশ ও ঢাকার সব অঞ্চলের বিজয়ীদের নিয়ে জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হবে। এ উৎসবের সম্ভাব্য তারিখ আগামী ৫ এপ্রিল।