বিজয় দিবসে যেসব রাস্তায় চলবে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় দিবসে মানচিত্রে নির্দেশিত এলাকা দিয়ে যান চালাতে হবে। ছবি: ডিএমপির সৌজন্যে
বিজয় দিবসে মানচিত্রে নির্দেশিত এলাকা দিয়ে যান চালাতে হবে। ছবি: ডিএমপির সৌজন্যে

বিজয় দিবসে কাল শুক্রবার জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ হবে। এ উপলক্ষে রাজধানীর কয়েকটি এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আগামীকাল সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত কয়েকটি রাস্তায় সাধারণের গাড়ি চলতে দেওয়া হবে না। এসব রাস্তাগুলো হলো:

* খেজুর বাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং-রোকেয়া সরণি হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত।

* শ্যামলী শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত।

* প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত।

* বিজয় সরণি ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত।

* প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ হতে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত।

প্যারেড স্কয়ারে আমন্ত্রিত অতিথিদের গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। অতিথিদের আমন্ত্রণপত্রের সঙ্গে সরবরাহকৃত ক-বিশেষ, ক-১, ক-২, সক, সক-১, শ, বিনা, সক-২, সব, ম-১, ম-২ ও সম অক্ষরের স্টিকার গাড়ির উইন্ড স্ক্রিনে দেখাতে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া ক-বিশেষ, ক-১, ক-২, সক-১, শ, বিনা, সক-২, সব, ম-১, ম-২ ও সম অক্ষরের স্টিকারযুক্ত যানবাহন বেগম রোকেয়া সরণি হয়ে আমন্ত্রণপত্রের পথনির্দেশনা অনুযায়ী নির্ধারিত প্রবেশ গেট দিয়ে ঢুকতে বলা হয়েছে। সেই সঙ্গে নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্ক ও গাড়ির চালককে গাড়ির কাছে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে বেশ কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো হলো:

*ঢাকা থেকে আমিনবাজার হয়ে সাভার স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ভোর সাড়ে চারটা থেকে ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা সাভার স্মৃতিসৌধে যাবেন। ভোররাত সাড়ে তিনটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িগুলোকে গাবতলী আমিনবাজার ব্রিজ-সাভার রাস্তার বদলে ঢাকা এয়ারপোর্ট রোড-আবদুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক দিয়ে যেতে অনুরোধ জানানো হয়েছে।

*একইভাবে আরিচা থেকে আমিনবাজার হয়ে ঢাকাগামী যানবাহনগুলোকে নবীনগর বাজার থেকে আশুলিয়া হয়ে ঢাকায় ঢুকতে বলা হয়েছে।

* টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনগুলোকে কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় ঢুকতে হবে।