বিজয় দিবসের অনুষ্ঠানে কর্মকর্তাকে থাপ্পড় দেওয়া মেয়রের বিরুদ্ধে মামলা
বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে ভুক্তভোগী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ বাদী হয়ে মামলাটি করেন।
মামলার তথ্য নিশ্চিত করেন দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর। তিনি প্রথম আলোকে বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে দায়িত্বপালনকালে শিক্ষা কর্মকর্তাকে দুটি থাপ্পড় ও লাঞ্ছিত করার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলায় মেয়রকে একমাত্র আসামি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হবে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। ওই অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করেন শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ। ভোর থেকে ওই মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলের শ্রদ্ধা নিবেদন করছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান। উপস্থাপক শ্রদ্ধা নিবেদনের জন্যে মাইকে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন। পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করার কারণে মেয়র প্রকাশ্যে ওই শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাঁকে থাপ্পড় মারেন।
শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি সরকারি দায়িত্ব পালন করছিলাম। তাই বিষয়টি আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। একই সঙ্গে জেলা প্রশাসক মোর্শেদা জামান মহোদয়কেও জানিয়েছি। তিনি (জেলা প্রশাসক) আমাকে থানায় মামলা করার পরামর্শ দেন। সে অনুযায়ী আমি থানায় মামলা দিয়েছি। দ্রুত সময়ের মধ্যে আসামির গ্রেপ্তার ও তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
অভিযোগের বিষয়ে জানার জন্য মো. শাহনেওয়াজ শাহানশাহের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি তা ধরেননি।