বিজয় দিবসের অনুষ্ঠানে না যাওয়াকে কেন্দ্র করে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারধর
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় চারজনকে আটক করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে নগরের আমবাগান বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

বলা হচ্ছে, বিজয় দিবসের অনুষ্ঠানে না যাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ–সমর্থিত বর্তমান কাউন্সিলরের অনুসারীরা সাবেক কাউন্সিলরের অনুসারীদের মারধর ও ছুরিকাঘাত করেন। আগে থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে।

ছুরিকাঘাতে আহত ব্যক্তিরা হলেন টিটু চক্রবর্তী ও মো. বাবলু। তাঁরা চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। আর হামলাকারী সুজন বর্তমান কাউন্সিলর মোহাম্মদ ওয়াসিমের অনুসারী বলে জানা গেছে। এ ঘটনায় বর্তমান কাউন্সিলরের অনুসারী চারজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সুজন বুধবার রাতে টিটু, বাবলুসহ মোহাম্মদ ওয়াসিমের কয়েকজন অনুসারীকে বিজয় দিবসের অনুষ্ঠানে থাকতে বলেন। কিন্তু রাতের ওই অনুষ্ঠানে তাঁরা ছিলেন না। আজ বৃহস্পতিবার বিকেলে বড় মসজিদ এলাকায় টিটুসহ কয়েকজনকে পেয়ে মারধর শুরু করেন সুজন ও তাঁর সঙ্গীরা।

একপর্যায়ে তাঁদের ছুরিকাঘাত করার সময় আশপাশের লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যান। এ সময় ছুরিকাঘাত করতে গিয়ে হাতের আঙুল কেটে যায় সুজনের। ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ মো. সুজন, মো. সজীব, মো. রুবেল ও মো. ইমনকে আটক করে পুলিশ। তাঁরা সবাই বর্তমান কাউন্সিলর ওয়াসিমের অনুসারী হিসেবে পরিচিত।

এ বিষয়ে মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর কোনো অনুসারী হামলার সঙ্গে জড়িত নন, এগুলো সব অপপ্রচার।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় টিটু ও বাবলুর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।