ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১৭ জনকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় আজ শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। উপজেলাজুড়ে বইছে এখন নির্বাচনী হাওয়া। পুরোদমে প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। ১০টি ইউপিতে চেয়ারম্যান পদে ৫৪ জন, সাধারণ ইউপি সদস্যপদে ২৩৮ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের সদস্যপদে ১০৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
দল থেকে বহিষ্কৃত ব্যক্তিরা হলেন পাহাড়পুর থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলি আহমেদ, পত্তন থেকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তাজুল ইসলাম, সিঙ্গারবিল থেকে উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আল-আমিন ভূইয়া, চান্দুরা থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ফয়েজ, হরষপুর থেকে ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজীব চন্দ্র বণিক, চম্পকনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী ভূইয়া।
এ ছাড়া উপজেলার বুধন্তি ইউপি থেকে দেলোয়ার হোসেন খান ও মো. মোবারক হোসেন, চম্পকনগরে আনোয়ার হোসেন চৌধুরী, ইছাপুরায় আকতার হোসেন ও বর্তমান ইউপি চেয়ারম্যান জিয়াউল হক, পত্তনে সামসুল আলম, চর ইসলামপুরে মোহাম্মদ সানাউল্লাহ, বিষ্ণুপুরে জসিম উদ্দিন চৌধুরী, হরষপুরে মো. শাহজাহান, পাহাড়পুরের জসিম উদ্দিনকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা আওয়ামী লীগের কর্মী-সমর্থক।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার বলেন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সুপারিশের ভিত্তিতে শুক্রবার ১৭ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের একাধিকবার দলের পক্ষ থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছে। তারপরও তাঁরা তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দলের শৃঙ্খলা ভঙ্গ করায় গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক প্রত্যেককে বহিষ্কার করা হয়েছে।