বিজয়নগরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রোহান (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোহান সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামের হামদু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। রোহানের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আমীর হোসেন নামের এক ব্যক্তি বলেন, এক বন্ধুর সঙ্গে হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিল রোহান। দুপুর ১২টার দিকে চান্দুরা এলাকায় বিপরীতমুখী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রোহান ঘটনাস্থলেই মারা যায়।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাব্বির হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই রোহান মারা যায়। তার মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল।