বিজয়নগরে পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে নিহত ১
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে সিলেটগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় পিকআপ ভ্যানটি। এতে পিকআপ ভ্যানের চালক আবদুল হাই (২৫) ঘটনাস্থলেই নিহত হন।
নিহত আবদুল হাই হবিগঞ্জের বাহুবল উপজেলার দক্ষিণ ডোবাই গ্রামের আফতাব আলীর ছেলে। আহত হয়েছেন পিকআপ ভ্যানের তিন যাত্রী।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ভোর পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় সিলেটগামী মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
পিকআপচালক আবদুল হাইসহ চারজন আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের লোকজন ও হাইওয়ে পুলিশ পিকআপ ভ্যানটি কেটে এক ঘণ্টা পর তাঁদের উদ্ধার করেন। এতে ঘটনাস্থলেই মারা যান আবদুল হাই। পরে পিকআপ ভ্যানের আহত তিন যাত্রী মালেক মিয়া (৩০), সিরাজ আলী (৩৫) ও মোজাহিদ মিয়াকে (২২) উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। আহত ব্যক্তিরা বাহুবল উপজেলার বেড়াখাল গ্রামের বাসিন্দা।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম প্রথম আলোকে বলেন, ‘লাশ আমাদের জিম্মায় রয়েছে। এ ব্যাপারে থানায় মহাসড়ক আইনে মামলার প্রক্রিয়া চলছে। মহাসড়ক থেকে যান দুটি উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ট্রাক ও পিকআপচালক একই গ্রামের বাসিন্দা।’