বিজয়নগরে বাস–মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল তিনজনের
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত আটজন। বুধবার দুপুর ১২টার দিকে জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বাসযাত্রী আলামিন (৩২) ও হবিগঞ্জের সদর উপজেলার রায়েরগঞ্জের সুন্দর আলীর ছেলে আবদুল্লাহ (৬০) এবং মোটরসাইকেল আরোহী ঢাকার আগারগাঁওয়ের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩৫)। তবে আলামিনের গ্রামের ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা থেকে দিগন্ত পরিবহনের একটি বাস সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। দুপুর ১২টার দিকে বাসটি মহাসড়কের ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছে ইউটার্ন নিচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসটি রাস্তার পাশের পশ্চিম পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং বাসের ভেতর থেকে সাত যাত্রী ও মোটরসাইকেলের দুইজন আরোহীকে উদ্ধার করে। পরে তাঁদের হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়ার পথে গুরুতর আহত বাসযাত্রী মো. আব্দুল্লাহ মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর বাসের আরেক যাত্রী এবং মোটরসাইকেলের একজন আরোহী মারা যান। খবর পেয়ে বিশ্বরোড-খাটিহাতা হাইওয়ে থানার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
বিজয়নগর উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আ স ম আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দিগন্ত পরিবহনের ওই বাসে ১০-১২ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় বাসের দুই যাত্রী ও মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত বাসের সাত যাত্রী ও মোটরসাইকেলের এক আরোহীকে হবিগঞ্জে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, যাত্রীবাসী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী ও দুইজন বাসের যাত্রী নিহত হয়েছেন। লাশ মাধবপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে।