বিজয়নগরের চরইসলামপুর ছাত্রলীগের কমিটি স্থগিত
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ছাত্রদলের সভাপতি প্রার্থীকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বিবাহিত ছাত্রনেতাকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে জেলা ছাত্রলীগ।
পাশাপাশি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক তানভীরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন প্রথম আলোকে বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী চরইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি দেওয়ায় বিতর্ক শুরু হয়। ওই কমিটি স্থগিত করা হয়েছে। পাশাপাশি বিতর্কিত কমিটি দেওয়ায় উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক এবং ভুয়া স্বাক্ষরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি বিলুপ্তি করায় দপ্তর সম্পাদককে সাত কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিজয়নগর উপজেলার অধীনস্থ কোনো কমিটি জেলা ছাত্রলীগকে না জানিয়ে গঠন বা বাতিল না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
১৩ ও ১৪ জুন ‘ছাত্রদলের সভাপতি প্রার্থীকে ছাত্রলীগের সভাপতি করে কমিটি ঘোষণা’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।
স্থানীয় ছাত্রলীগ নেতা–কর্মীরা জানিয়েছেন, গত শনিবার রাতে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদ সাগর ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে চরইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছিল। এক সময়ের ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মনির হোসেনকে চরইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বিবাহিত ছাত্রনেতা সেলিম মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়। এই কমিটি ঘোষণার পরপরই উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। সেই সঙ্গে কমিটি ঘোষণার পর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবির আহমেদ উসমান ভুয়া স্বাক্ষর করে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন।