বিজয়ী ইউপি চেয়ারম্যান ও পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১
গোপালগঞ্জে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার শুকতাইল ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকাল পৌনে আটটার দিকে ইউনিয়নের পারচন্দ্রদিঘলীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পঞ্চম ধাপের শুকতাইল ইউপিতে শেখ মো. আবেদ আলীকে হারিয়ে রানা মোল্লা চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁরা দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তাঁরা কেউ দলীয় কোনো পদে নেই। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের পর থেকে দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল।
রানা মোল্লার সমর্থক মুরাদ শেখ বলেন, গতকাল বিকেলে আবেদ আলীর সমর্থক রাজিবুল তাঁকে বলেছেন, যাঁরা রানা মোল্লাকে চেয়ারম্যান ও ওহিদুল শেখকে (ইউপি সদস্য) ভোট দিয়েছেন, তাঁদের সবাইকে দেখে নেওয়া হবে। এ সময় তাঁর ছেলে রিয়াদ এসে রাজিবুলকে চলে যেতে বলেন। একপর্যায়ে রাজিবুল ক্ষিপ্ত হয়ে তাঁর ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন এবং তাঁর হাত ভেঙে দেন। এ ঘটনার পর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এর পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এর জেরে আজ সকালে পারচন্দ্রদিঘলীয়া গ্রামের উত্তরপাড়া মোড়ে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রানা মোল্লার কয়েক সমর্থকের বাড়িতে ও আবেদ আলীর একজন সমর্থকের দোকানে হামলা চালানো হয়। এ সময় প্রায় ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। এতে আবেদ আলীর পক্ষের নেতৃত্ব দিয়েছেন ওই গ্রামের সাবান মোল্লা ও অপর পক্ষের নেতৃত্ব দিয়েছেন রবিউল মোল্লা।
বিরোধ মীমাংসার জন্য তিনি একাধিকবার চেষ্টা করেছেন। গতকালও তিনি বিরোধ মীমাংসার জন্য কথা বলেছেন। তবে তাঁর কথা উপেক্ষা করেই সমর্থকেরা সংঘর্ষে জড়িয়েছেন।আবেদ আলী, পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী
রানা মোল্লার সমর্থকদের দাবি, আবেদ আলীর সমর্থকেরা তাঁদের ওপর গুলি চালিয়েছেন। এতে তাঁদের ১১ সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া অন্তত ১৫ জন আহত হয়ে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রানা মোল্লার সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবেদ আলীর সমর্থক সাবান মোল্লা বলেন, এটা সামন্য একটা ঘটনা। রানা মোল্লা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তাঁর হুকুমেই এসব হচ্ছে। আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কে কাকে গুলি করছে, সেটা তিনি জানেন না বলে দাবি করেন। সংঘর্ষের সময় তাঁদের পক্ষের দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধের বিষয়টি আবেদ আলী স্বীকার করেছেন। তিনি বলেন, এ বিরোধ মীমাংসার জন্য তিনি একাধিকবার চেষ্টা করেছেন। গতকালও তিনি বিরোধ মীমাংসার জন্য কথা বলেছেন। তবে তাঁর কথা উপেক্ষা করেই সমর্থকেরা সংঘর্ষে জড়িয়েছেন। তবে সংঘর্ষের সময় গুলি ছোড়া হয়েছে কি না, সেটা তিনি জানেন না বলে দাবি করেন।
জানতে চাইলে সুকতাইল ইউপি চেয়ারম্যান রানা মোল্লা বলেন, ‘আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না। আমি আগে হাসপাতালে গিয়ে রোগী দেখব। তারপর কিছু বলতে পারব।’
গুলিবিদ্ধ ব্যক্তিরা গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। জানতে চাইলে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস বলেন, সংঘর্ষের ঘটনায় আজ ১৭ রোগী হাসপাতালে এসেছেন। এর মধ্যে ১১ জন গুলিবিদ্ধ ছিলেন। তাঁদের শরীর থেকে গুলি বের করে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা এখন আশঙ্কামুক্ত।
এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন মিঠুন মোল্লা (২৫), সুজন মোল্লা (২৮), রবিউল মোল্লা (৩৫), নাসির মোল্লা (৪০), একরাম শেখ (৫০), সিরাজ শেখ (৫০), হেমায়েত মোল্লা (৫০), বুলবুল মোল্লা (২৬), সাবের মোল্লা (২০), তুহিন মোল্লা (৩০) ও মাসুদ মোল্লা (৩০)। তাঁরা সবাই রানা মোল্লার সমর্থক। এ ছাড়া রানা মোল্লার সমর্থক আবিদ শেখ (৩০), মাসুদ মোল্লা (৩৫), লিমন মোল্লা (২২), রবিউল মোল্লা (৩৬) ও জারিব শেখ (২৫) এবং আবেদ আলীর সমর্থক আকাশ মোল্লা (১৬) ও বদর মোল্লা (৪০) একই হাসপাতালে চিকিৎসাধীন।
জানতে চাইলে গোপালগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, সুকতাইল সংঘর্ষের পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। ওই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।