১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সকাল ৯টা ৩২ মিনিটে সিলেট শহরের অনেকে বিজয় উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ভারতীয় মিত্র বাহিনীর ছোড়া একটি মর্টার শেল লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে মির্জাজাঙ্গাল এলাকার ডা. দীগ্রেন্দ্র চন্দ্র এন্দের বাসায়। এতে শহীদ হন একই পরিবারের ৯ জন। এর মধ্যে সাতজনকে সেখানেই সমাধিস্থ করা হয়। বিজয়ের সুবর্ণজয়ন্তী এলেও সমাধিস্থলটি সংরক্ষণ করা যায়নি।
মহান মুক্তিযুদ্ধের বেদনাবিধুর ঘটনার সাক্ষী ওই স্থান সংরক্ষণ না হওয়ার বিষয়টি লজ্জার উল্লেখ করে আজ সকালে সমাধি প্রাঙ্গণে আয়োজন করা হয় স্মরণ অনুষ্ঠান। অনুষ্ঠানের নাম ছিল—‘লেখা আছে অশ্রুজলে’। বিশ্ব সিলেট সম্মেলন আয়োজক কমিটি অনুষ্ঠানটি আয়োজন করে। এতে উপস্থিত হয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘নগরের ভেতরে এই গণসমাধির বিষয়টি আমার অজানা ছিল না। শিগগিরই এটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।’
শহীদ পরিবারের সদস্যরা জানিয়েছেন, ৫০ বছর আগে বাংলাদেশের চূড়ান্ত বিজয়ের কিছু সময় আগে মির্জাজাঙ্গাল এলাকার সিলেট মিউনিসিপ্যালটির অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা দীগ্রেন্দ্র চন্দ্র এন্দ তাঁর বেয়াই প্রকৌশলী গোপেশ চন্দ্র দাসকে নিয়ে রেডিওতে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সংবাদ শুনছিলেন। এমন সময় ভারতীয় মিত্র বাহিনীর ছোড়া একটি মর্টার শেল লক্ষ্যভ্রষ্ট হয়ে বাসার ওপর পড়ে। এতে দীগ্রেন্দ্র, গোপেশ ছাড়াও দীগেন্দ্রর স্ত্রী সুরুচি বালা এন্দ, ছেলে দীপ্তেন্দ্র কুমার এন্দ, দীপ্তেন্দ্রর স্ত্রী খনা এন্দ, দীপ্তেন্দ্র খনার ছেলে অপু এন্দ ও মেয়ে পম্পা এন্দ এবং দীগেন্দ্রর দুই মেয়ে শিখা এন্দ ও শিবানী এন্দ শহীদ হন। খনা এন্দ ও পম্পা এন্দ ছাড়া বাকি সাতজনকে ওই বাসার পাশেই উন্মুক্ত স্থানে গণসমাধি দেওয়া হয়।
গণসমাধি সংরক্ষণের অভাবে সময়ের পরিক্রমায় আবর্জনার ভাগাড়ে পরিণত হয়। তবে শহীদদের সমাহিত করার কাজে অংশ নেওয়া প্রতিবেশী আবদুর রহমান চৌধুরীর ও শহীদ পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ২০১১ সালের ১৪ ডিসেম্বর প্রথম আলোয় ‘কেউ স্মরণ রাখেনি সেই কাহিনি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর ১৬ ডিসেম্বর শিক্ষার্থীদের মুক্ত চিন্তার সংগঠন নিনাই একটি স্মরণসভার আয়োজন করেছিল। এতে উপস্থিত হয়ে তৎকালীন মেয়র বদরউদ্দিন আহমদ কামরান স্থানটির মালিকপক্ষের অনুমোদন সাপেক্ষে একটি শহীদ নামফলক ও স্মৃতিস্তম্ভ নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। তবে সেটি এখন পর্যন্ত নির্মিত হয়নি। বরং গণসমাধির জায়গায় গড়ে উঠেছে স্থাপনা।
৫০ বছর আগে সকাল ৯টা ৩২ মিনিটে মর্টার শেল বিস্ফোরিত হয়। আজ ঠিক একই ক্ষণে গণসমাধিস্থলে ফুলেল শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। শুরুতেই রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ সিলেটের শিল্পীরা ‘মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান’ শিরোনামে সংগীত পরিবেশন করেন। এরপর আলোচনা পর্বে বক্তব্য দেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সিপিবি সিলেটের সাবেক সভাপতি বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে ও বিশ্ব সিলেট সম্মেলন আয়োজন কমিটির প্রতিনিধি আবদুল করিম চৌধুরীর (কিম) সঞ্চালনায় সেদিনের ঘটনার ইতিহাস তুলে বক্তব্য দেন শহীদ পরিবারের সন্তান পরীক্ষিত এন্দ ও তাপস বন্ধু দাস।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষক মোস্তাফা শাহজামান চৌধুরী বাহার, আইনজীবী মৃত্যুঞ্জয় ধর ভোলা, তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাবেক সাধারণ সম্পাদক এনামুল মুনীর, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সহসভাপতি উজ্জল দাস, আইনজীবী সুদীপ্ত অর্জুন, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু ও আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমরা বিজয়ের ৫০ বছর উদ্যাপন করছি। এত বছর পর এসেও মুক্তিযুদ্ধের এমন একটি বেদনাবিধুর ইতিহাস আড়ালে পড়ে থাকা আমাদের জন্য লজ্জার। সিটি করপোরেশনের পক্ষ থেকে চলতি মাসেই শহীদ পরিবার, গণসমাধি স্থলের জায়গার মালিক পক্ষসহ সংশ্লিষ্টদের নিয়ে বসব। সবার সহযোগিতায় এই গণসমাধি সংরক্ষণ ও সমাধি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’
আয়োজকদের পক্ষে আবদুল করিম চৌধুরী বলেন, এন্দ পরিবার মির্জাজাঙ্গাল এলাকার বাসাটিতে ভাড়াটিয়া হিসেবে থাকত। সেদিনের ঘটনায় শহীদ হওয়া ৯ জনের মধ্যে সেই বাড়ির পেছনের সামান্য জায়গাতে ৭ জনকে সমাহিত করা হয়। সেই গণসমাধি আড়াল করে নির্মাণ করা হয়েছে স্থাপনা। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন সংরক্ষণের অংশ হিসেবে নগরের মানুষেরা দ্রুত স্থানটি সংরক্ষিত অবস্থায় দেখতে চান। এ ছাড়া এই শহীদ পরিবারের আত্মত্যাগেরও কোনো স্বীকৃতি এত দিনে পাওয়া যায়নি। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে শহীদ পরিবারের প্রাপ্য সম্মান ও স্বীকৃতি চান তিনি।