বিজয়ের সুবর্ণজয়ন্তীতে কক্সবাজার সৈকতে লাখো পর্যটক

কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল। বৃহস্পতিবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টেপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে কক্সবাজার সমুদ্রসৈকতে লক্ষাধিক পর্যটক সমবেত হয়েছেন। পরপর তিন দিন সরকারি ছুটি পর্যটকের স্রোত বাড়িয়ে দিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট পর্যটকে গিজগিজ করতে দেখা যায়। সুগন্ধা বিচের এক কিলোমিটারে ৫০ হাজার পর্যটক অবস্থান করছেন বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। উত্তর পাশের সিগাল ও লাবণী পয়েন্টে সৈকতে আছেন আরও ৩০ হাজার পর্যটক। দক্ষিণ পাশে কলাতলী সৈকতে বিচরণ করছেন ২০ হাজার পর্যটক। সব মিলিয়ে মূল সৈকতের পাঁচ কিলোমিটার এলাকায় ১ লাখের মতো পর্যটকে ভরপুর।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মো. জিললুর রহমান জানান, পুরো কক্সবাজারে এই মুহূর্তে তিন থেকে সাড়ে তিন লাখ পর্যটক রয়েছেন। আগামীকাল শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন আরও এক লাখ। প্রায় সাড়ে চার লাখ পর্যটকের নিরাপত্তা এবং সেবা নিয়ে ট্যুরিস্ট পুলিশ অবশ্য উদ্বিগ্ন। পর্যটক সামলাতে তাদের ১৫০ জনের মতো সদস্য রয়েছেন। আজ সকাল থেকেই লাখো পর্যটককে সামাল দিতে হিমশিম খাচ্ছেন তাঁরা।

কক্সবাজারের সাতটি পৃথক হোটেল ও রেস্তোরাঁ মালিক সংগঠনের সমন্বিত মোর্চা ফেডারেশন অব ট্যুরিজম ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার প্রথম আলোকে বলেন, গত বুধবার থেকে লাখো পর্যটকে ভরপুর রয়েছে সৈকত। বিপুলসংখ্যক পর্যটক সৈকত ভ্রমণের পাশাপাশি ছুটছেন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, টেকনাফ সৈকত, পাথুরে সৈকত ইনানী, রামু বৌদ্ধপল্লি, চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক, মহেশখালীর আদিনাথ মন্দির, শুঁটকির রাজ্য সোনাদিয়াসহ পার্বত্য বান্দরবানের লামা, আলীকদম, থানচির দিকে। ৩১ ডিসেম্বর পর্যন্ত সৈকতের পর্যটকের এই ঢল লেগে থাকবে জানিয়ে আবুল কাশেম বলেন, ইতিমধ্যে শহরের পাঁচ শতাধিক হোটেল–মোটেল, গেস্টহাউস–কটেজের ৯০ শতাংশ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। হোটেল–মোটেলের দৈনিক ধারণক্ষমতা ১ লাখ ৬০ হাজার। অতিরিক্ত পর্যটকের চাপ বেড়ে গেলে কক্ষে গাদাগাদি করে রাখতে হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মো. জিললুর রহমান জানান, পুরো কক্সবাজারে এই মুহূর্তে তিন থেকে সাড়ে তিন লাখ পর্যটক রয়েছেন। আগামীকাল শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন আরও এক লাখ।

শীতাতপনিয়ন্ত্রিত গ্রিনলাইন পরিবহনের ব্যবস্থাপক সুলতান আহমদ বলেন, প্রতিদিন রাতে গ্রিনলাইনের ১২টি বাসে চার শতাধিক পর্যটক ঢাকা থেকে কক্সবাজার আসছেন। একইভাবে ফিরেও যাচ্ছেন সমানসংখ্যক পর্যটক। এভাবে ১৪টির বেশি পরিবহন সংস্থার পাঁচ শতাধিক বাসে প্রতিদিন কক্সবাজার আসছেন ২০ হাজারের বেশি পর্যটক। দুই হাজারের বেশি ব্যক্তিগত গাড়িতে, ভাড়া করা মাইক্রোবাস, জিপে আসছেন আরও ৩০ হাজারের বেশি মানুষ।

সৈকতে গোসলে নেমে স্রোতের টানে ভেসে কিংবা গুপ্তখালে খালে আটকা পড়লে সি সেফ নামে বেসরকারি একটি সংস্থা উদ্ধার তৎপরতা চালায়। ওই সংস্থার ২৬ জন লাইফগার্ড কর্মী রয়েছেন। সকাল থেকে কতজন পর্যটক সৈকতে নেমেছেন, তার মধ্যে কতজন সমুদ্রে গোসলে নেমেছেন, কতজনকে তাঁরা উদ্ধার করলেন—সে হিসাব খাতায় লিখে রাখতে হয় লাইফগার্ড কর্মীদের। সুগন্ধা পয়েন্টের উঁচু একটি চৌকিতে বসে পর্যটকদের গতিবিধি নজরদারি করছেন লাইফগার্ড কর্মী মো. আলমগীর। চৌকির নিচে হাতমাইক ও উদ্ধারসামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছেন আরও তিনজন কর্মী। মাঝেমধ্যে বাঁশি বাজিয়ে লাইফগার্ডরা সমুদ্রে গোসলে নামা পর্যটকদের সতর্ক করছেন। বালুচরে পুঁতে রাখা লাল নিশানের দিকে ইঙ্গিত করে পর্যটকদের ভাটার সময় সমুদ্রে নামা নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন।

কক্সবাজার সৈকতে পর্যটকের ঢল। বৃহস্পতিবার দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে
প্রথম আলো

চৌকির পেছনে বালুচরে ট্যুরিস্ট পুলিশ অস্থায়ী ক্যাম্প বসিয়ে পর্যটকের স্বাস্থ্যসেবা, পানি সরবরাহ করছে। ভিড়ের মধ্যে কেউ হারিয়ে গেলে উদ্ধার তৎপরতাও চালাচ্ছে তারা। বিশেষ করে ভাটার সময় গোসলে না নামতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে ট্যুরিস্ট পুলিশ প্রচারণা চালাচ্ছে। কিন্তু পর্যটকদের সেদিকে খেয়াল নেই। জীবনের ঝুঁকি নিয়ে সাগরে ঝাঁপ দিচ্ছেন তাঁরা। সেই সঙ্গে নেই করোনা সতর্কতাও।

লাইফগার্ড কর্মী মো. আলমগীর (৩৪) প্রথম আলোকে বলেন, এখন ভাটা চলছে। ভাটার সময় গোসলে নামা নিষিদ্ধ। অথচ নিষেধাজ্ঞা অমান্য করে সুগন্ধা সৈকতে গোসলে নেমে গেছেন অন্তত ১৫ হাজার পর্যটক। বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে মাত্র চারজন লাইফগার্ড কর্মীকে হিমশিম খেতে হচ্ছে।

সি-সেফের ব্যবস্থাপক সাইফুল্লাহ সিফাত প্রথম আলোকে বলেন, এখন সৈকতের পাঁচ কিলোমিটারের চারটি পয়েন্টে অন্তত এক লাখ পর্যটকের সমাগম ঘটেছে। বিকেলে সূর্যাস্ত দেখতে নামবেন আরও এক লাখ পর্যটক। দুই লাখ পর্যটকের নিরাপত্তা দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে এখন পর্যন্ত গোসলে নেমে বড় ধরনের দুর্ঘটনায় পড়েনি কেউ।

স্ত্রী, চার মেয়ে নিয়ে দুপুর ১২টায় সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন ঢাকার বাসাবো এলাকার ব্যবসায়ী আসলাম হোসেন (৫৫)। কোমরপানিতে নেমে একাধিক টায়ারে গা ভাসিয়ে আনন্দে মাতেন সবাই। ভাটার সতর্কতার কথা মনে করিয়ে দিতে আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘জন্ম–মৃত্যু ভাই আল্লাহর হাতে। এতগুলো মানুষ লোনাজলে ডুবসাঁতার দিচ্ছে, কেউ তো ভেসে যায়নি। তা ছাড়া আমরা তো টিউব নিয়ে নেমেছিলাম।’

সিলেট থেকে তিন বন্ধুর সঙ্গে আসা কলেজছাত্র লিটন মিয়া (২৪) বললেন, ‘এত দূর থেকে ছুটে এসেছি লোনাজলে শরীর ভেজাতে। নিষেধাজ্ঞা মানলে সেই ইচ্ছা পূরণ হবে না। তা ছাড়া হাজার হাজার মানুষ পানিতে। আমরা চারজন নামলে তেমন কিছু হবে না।’