পাল্টাপাল্টি যুক্তি আর শাণিত বাক্যবানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শেষ হলো তিন সপ্তাহব্যাপী আন্তসেমিস্টার বিতর্ক প্রতিযোগিতা। ইংরেজি ও অর্থনীতি বিভাগে বসে বিতর্কের এ আসর। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (পিইডিএস) আয়োজনে প্রতিযোগিতায় ইংরেজি বিভাগের ১৬টি ও অর্থনীতি বিভাগের বিভিন্ন সেমিস্টারের ১২টি দল অংশ নেয়।
১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক মোড় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় দুই বিভাগের আন্তসেমিস্টার বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আসর। ইংরেজি বিভাগের চূড়ান্ত পর্বে অংশ নেয় পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের বিতর্ক দল। ‘এ সংসদ মাদ্রাসা শিক্ষাব্যবস্থার উন্নয়ন সাধন করবে’ বিষয়ের ওপর সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় পঞ্চম সেমিস্টারের বিতর্ক দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন দুহিতা মিত্র।
ইংরেজি বিভাগের চূড়ান্ত বিতর্ক শেষে শুরু হয় অর্থনীতি বিভাগের প্রতিযোগিতা। ‘এ সংসদ মনে করে, শক্তিশালী নির্বাচন কমিশনই হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্পব্যবস্থা’ বিষয়ের ওপর চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয় অর্থনীতি বিভাগের বিতর্ক দল বেগম রোকেয়া ও নির্ভীক ষোল। অবশেষে তর্কের লড়াইয়ে নির্ভীক ষোলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বেগম রোকেয়া দল। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন সৈয়দ কাশফিয়া উলফাত।
চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শেষে শুরু হয় আলোচনা সভা ও পুরষস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল ও পয়েটিক ইংলিশ জোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাশরুর উদ্দিন। বক্তব্য দেন পিইউডিএসের সভাপতি আনিসুর রহমান ও যুগ্ম সম্পাদক তন্ময় বড়ুয়া।