বিদেশ যাত্রার কথা ছিল আজ, সড়কে প্রাণ গেল রাতে
সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার রাতে ইতালির উদ্দেশে রওনা দিতেন মাদারীপুরের রাকিব ব্যাপারী (২২)। বিমানের টিকিটও কিনেছিলেন তিনি। তবে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে ইজিবাইকের ধাক্কায় নিহত হন তিনি।
রাকিব মাদারীপুর সদর উপজেলার ভদ্রখোলা এলাকার রাজ্জাক ব্যাপারীর ছেলে। দুর্ঘটনায় রাকিবের চাচা রবিন ব্যাপারীও গুরুতর আহত হন। গতকাল রাতে সদর উপজেলার পেয়ারপুর-ঘটকচর আঞ্চলিক সড়কের মকবুল হোসেন প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে রাকিব ও তাঁর চাচা রবিন মোটরসাইকেলে সদর উপজেলার ঘটকচর এলাকায় আত্মীয়ের বাড়িতে যান। সেখান থেকে ফেরার পথে মকবুল হোসেন প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশের খালে পড়ে যায়।
এতে রাকিব ও তাঁর চাচা গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় সেখানকার চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
রবিনের বাবা শাহা ব্যাপারী বলেন, রাকিবের আজ সকালেই ঢাকা যাওয়ার কথা ছিল। সবকিছু নিমিষেই শেষ হয়ে গেল। অনেক কষ্টে ধারদেনা করে বিদেশ যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।