সিলেটের প্রেক্ষাপটে বিদেশফেরত কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সিলেটের বিশাল জনগোষ্ঠী দেশের বাইরে থাকেন। তবে করোনা মহামারির কারণে অনেকে চাকরি হারিয়ে দেশে ফিরেছেন এবং অনেকে ছুটি কাটাতে দেশে এসে আর বিদেশে যেতে পারেননি। বিদেশফেরত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা জরুরি।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় নগরের জেলরোড এলাকায় চেম্বার ভবনে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে বিদেশফেরত কর্মীদের নিয়ে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী পর্বে বক্তারা এসব কথা বলেছেন। কর্মশালায় সভাপতির বক্তব্য দেন সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ।
উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিইএফের যুগ্ম সম্পাদক আসিফ আইয়ুব। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন জোহা জামিলুর রহমান ও মো. নুরুজ্জামান। তাঁরা বিদেশফেরত কর্মীদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। কর্মশালায় চেম্বারের পরিচালক মুজিবুর রহমানও বক্তব্য দেন।
চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, বাংলাদেশের কৃষি খাত অত্যন্ত সম্ভাবনাময়। বিদেশফেরত যেসব কর্মী কৃষিকাজে অভিজ্ঞতাসম্পন্ন, তাঁরা দেশে কৃষি উদ্যোক্তা হতে পারেন। বাংলাদেশে প্রতিবছর প্রায় ২২ লাখ শিক্ষিত জনবল তৈরি হয়। তাঁদের সবার চাকরির ব্যবস্থা করা সরকারের পক্ষে সম্ভব নয়। তাই উদ্যোক্তা হওয়ার লক্ষ্য নিয়েও অনেককে এগিয়ে যেতে হবে।
কর্মশালায় সিলেট চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক, যুগ্ম সচিব নুরানী জাহান, সহকারী সচিব সানু উদ্দিন, নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বটি সঞ্চালন করেন সিলেট চেম্বারের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মিনতি দেবী।