শীতে উষ্ণতা পেতে বিদেশি উলের কম্বলের কদর দেশজুড়ে। তবে এমন সব কম্বলের ভিড়ে চাকমাদের ঐতিহ্যবাসী বুরগিও টিকে আছে। বুরগি চাকমা সম্প্রদায়ের শীতের চাদর। তাঁতে বোনা এই চাদর উল ও সুতার—দুই ধরনেরই হয়ে থাকে। তীব্র শীতে বুরগি কেবল উষ্ণতাই দেয় না, বরং সূক্ষ্ম বুনন আর কারুকাজ এই শীতবস্ত্রকে বিশেষত্ব দিয়েছে। পাহাড়ি শীতবস্ত্র বুরগি মূলত টিকে আছে নারীদের শ্রমে আর মেধায়।
বুরগি বুনে পাহাড়ি নারীরা যেমন তাঁদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন, তেমনি এটি বিক্রি করে পরিবারেও আসছে সচ্ছলতা। একসময় পাহাড়িদের ঘরে ঘরে বুরগির প্রচলন থাকলেও এখন আগের অবস্থা নেই। মূলত পর্যটক আর শৌখিন মানুষই বুরগির ক্রেতা।
খাগড়াছড়ির মহালছড়ি সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে মুবাছড়ি ইউনিয়নের মনাটেক এলাকা পর্যটকের অন্যতম গন্তব্য হয়ে দাঁড়িয়েছে। এখানকার মনাটেক লেকে বেড়াতে আসা পর্যটকেরা ফেরার সময় কিনে নিয়ে যান বুরগি। তাঁদের চাহিদার কথা মাথায় রেখে গ্রামের প্রায় ১০০ নারী কোমরতাঁতে বুরগি তৈরি করেন। সম্প্রতি সেই গ্রামে গিয়ে দেখা যায়, বাড়ির উঠান ও গাছের নিচে বিভিন্ন বয়সের নারী নানা রঙের সুতা দিয়ে বুরগি তৈরি করছেন। একদল আবার তৈরি করা বুরগি লেকপাড়ে নিয়ে এসেছেন পর্যটকদের কাছে বিক্রির উদ্দেশ্যে।
মনাটেক এলাকায় ৩০০ পরিবারের বসবাস। প্রায় সব পরিবারের নারীরাই বুরগি বুনতে জানেন। তবে তাঁদের মধ্যে ১০০ নারী পর্যটকদের কাছে বিক্রির জন্য বুরগি তৈরি করেন।
গ্রামের নারীরা জানান, কোমরতাঁতে বোনা নারীদের পরনের পোশাক পিনন-হাদির চাহিদা থাকে কেবল পাহাড়ি নারীদের কাছে। পিনন-হাদির মতো শীতবস্ত্র বুরগি তেমন বিক্রি হতো না। পর্যটন বাড়ায় বুরগির চাহিদা তৈরি হয়েছে নতুন করে। শুরুতে এক-দুজন, এরপর গ্রামের প্রায় ১০০ নারী এ কাজে নিয়োজিত হন।
শুরু থেকে বুরগি বুনছেন সুমিতা চাকমা। তিনি বলেন, ছোট, বড় ও মাঝারি—এই তিন ধরনের বুরগি বোনা হয়। নকশা ও আকারভেদে দাম নির্ধারিত হয়। সাধারণত সুতি ও উলের—এই দুই ধরনের বুরগি তৈরি হয় কোমরতাঁতে। তবে উলের বুরগির চাহিদা বেশি। প্রতি মাসে তিনি চার থেকে পাঁচটি বুরগি বুনতে পারেন। সব খরচ বাদ দিয়ে মাসে তাঁর আয় হয় ৩ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত।
সাবিত্রী চাকমা ও কুসুমিকা চাকমা বলেন, বুরগি লম্বায় পাঁচ থেকে ছয় হাত লম্বা হয়ে থাকে। প্রস্থ নিজের পছন্দ অনুযায়ী। একটি বুরগি বুনতে আকারভেদে ১ কেজি ২০০ গ্রাম থেকে ২ কেজি পর্যন্ত সুতা লাগে। প্রতি কেজি সুতার দাম ২০০ থেকে ৪০০ টাকা। আর নকশা অনুসারে বুরগির দাম ৯০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত হয়। একটি বুরগি বুনতে ৫ থেকে ১০ দিন পর্যন্ত সময় লাগে। এই বুরগির স্থায়িত্ব হয় ৮ থেকে ১০ বছর।
মনাটেক যাদুগানালা মৎস্য চাষ বহুমুখী সমবায় সমিতির সভাপতি রত্ন উজ্জ্বল চাকমা বলেন, ‘গ্রামের নারীরা ঘরে বসে না থেকে ঐতিহ্যকে ধরে রাখতে বুরগি বুনছেন। গ্রামের মধ্যে মনাটেক লেকে ঘুরতে আসেন অনেক পর্যটক। তাই আমরা লেকপাড়েই বুরগি বিক্রি করছি। তা ছাড়া কোনো অতিথি এলেও আমরা বুরগি উপহার দিয়ে থাকি। আমরা চাই ঐতিহ্যবাহী এই বুরগি সারা দেশে ছড়িয়ে দিতে।’