বিদ্যালয়ে সন্ত্রাসী হামলা, প্রতিবাদে ক্লাস বর্জন
পটুয়াখালীর বাউফল উপজেলার এস এম ফরিদ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার দুপুরে শ্রেণিকক্ষে ঢুকে ১০ শিক্ষার্থীকে মারধর করা হয়।
এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা এক শিক্ষককে লাঞ্ছিত করে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই দিন রাতেই বাউফল থানায় মামলা করেন। হামলার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার দুপুরে ক্লাস চলার সময় দশম শ্রেণির ছাত্র সাইমুন বিদ্যালয়ের কাছে একটি দোকানে যায়। এ সময় স্থানীয় পাকডাল গ্রামের সুমন তাকে মারধর করে। খবর পেয়ে ওই ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ করে সাইমুনের সহপাঠীরা। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ও টিপুর নেতৃত্বে চার-পাঁচজন তরুণ অস্ত্র নিয়ে দশম শ্রেণির কক্ষে ঢুকে হামলা চালায়। এ সময় লিপি আক্তার, শুভ, সজীব, রাজু, আবজাল, মিরাজ, ইফা, প্রিন্স, কামালসহ কমপক্ষে ১০ জন শিক্ষার্থী আহত হয়। বাধা দিলে শিক্ষক গিয়াস উদ্দিনকে লাঞ্ছিত করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনছার উদ্দিন বলেন, বিষয়টি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে। তাঁদের পরামর্শ অনুযায়ী ওই দিন রাতেই মামলা করা হয়েছে।
বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।