বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ট্যাংকলরির চাপায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঝালকাঠিতে তেলের ট্যাংকলরির চাপায় আরমান হোসেন (১৩) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরে পুর্বচাঁদকাঠি জেলেপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরমান ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তাঁর বাবা ঝালকাঠি পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইসমাইল হোসেন। শহরের কুতুবনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকত সে।

সদর থানার পুলিশ জানিয়েছে, বিদ্যালয় ছুটি শেষে আরমান এক বন্ধুর সঙ্গে বাইসাইকেলে চড়ে বাসায় যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা ভান্ডারিয়াগামী বায়জিত এন্টারপ্রাইজ নামের একটি ট্যাংকলরি আরমানদের সাইকেলটি চাপা দেয়। লরিচালক আহত দুজনকেই ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন। তখন লরিচালক পালিয়ে যান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, তেলের লরিটি জব্দ করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকলে ছাত্রের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আর নিহত ছাত্রের পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আহত আরমানের বন্ধু সানমুন ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি আছে।