বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে পাবনায় বিস্ফোরণে আহত দুই শিক্ষার্থী
পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়ীতে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে বিস্ফোরণে দুই শিক্ষার্থী আহত হয়েছে। দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থী সম্পর্কে ভাই-বোন। পলিথিনে মোড়ানো বিস্ফোরিত বস্তুটি কী ছিল, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আজ সোমবার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, দুপুরে বিস্ফোরিত বস্তুটি ককটেল-জাতীয় কোনো কিছু ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাস্তার পাশে এটি রাখা ছিল। বাচ্চারা বস্তুটিকে ফুটবল মনে করে খেলার ছলে লাথি দিতেই তা বিস্ফোরিত হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।
বিস্ফোরণের ঘটনাস্থলের সামনেই আওয়ামী লীগের সাবেক সাংসদ খন্দকার আজিজুল হকের বাড়ি। আশপাশের লোকজন বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী রাজনারায়ণ উপস্বাস্থ্যকেন্দ্রে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত দুজন নাটিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আহত দুজন উপজেলার জাতসাকিনী ইউনিয়নের চরকান্দি গ্রামের দিলীপ সূত্রধরের ছেলে অভিজিৎ সূত্রধর (৭) ও মেয়ে মন্দিরা সূত্রধর (৮)।
দুপুর ১২টার দিকে বিদ্যালয় ছুটি হলে মা কবিতা রানী সূত্রধর (৩৫) বিদ্যালয় থেকে তাদের নিয়ে বাড়ির দিকে রওনা হন। পেছনে কবিতা রানী ও তার কিছুটা দূরে সামনে হাঁটছিল শিশু দুটি। সাবেক সাংসদ খন্দকার আজিজুল হকের বাড়ির সামনে পৌঁছার পর পলিথিনে মোড়া একটি বস্তু দেখতে পেয়ে তাদের একজন খেলার ছলে ফুটবল মনে করে তাতে লাথি দেয়। এতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
পেছনে থাকায় শিশু দুটির মা-ও আহত হয়েছেন। তবে তা গুরুতর নয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিস্ফোরণের শব্দ পেয়ে বিদ্যালয়ের শিক্ষকসহ স্থানীয় লোকজন দৌড়ে ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় দুই শিশুকে পার্শ্ববর্তী রাজনারায়ণ উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
নাটিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চন্দন কুমার সাহা বলেন, ঘটনাস্থলে গানপাউডারের ব্যাপক গন্ধ ছিল। রাস্তার পাশে এভাবে আরও বিস্ফোরক কিছু পড়ে আছে কি না, তা নিয়ে স্থানীয় ব্যক্তিরা আতঙ্কে আছেন।
খবর পেয়ে শিশু দুটিকে দেখতে যান বেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. সবুর আলী। দুই শিক্ষার্থী দরিদ্র পরিবারের হওয়ায় তিনি তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
ঢাকায় অবস্থান করা পাবনা-২ আসনের সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক বলেন, তাঁকে ভয় দেখাতে রাজনৈতিক প্রতিপক্ষরা বাড়ির সামনে এমন বিস্ফোরক কিছু রাখতে পারে। এর আগেও এই এলাকায় দুটি বিস্ফোরক-জাতীয় বস্তু উদ্ধার হয়েছিল। সেগুলোর রহস্য উদ্ঘাটন না হওয়ায় এ ধরনের ঘটনা আবার ঘটেছে।