বিদ্যালয় ভবনের একাংশ বিলীন

এ ঘটনায় নেয়ামত উল্লাহ (১৬) নামের এক কিশোর নিখোঁজ রয়েছে। ঘটনার সময়ে সে মুঠোফোনে ভিডিও করছিল।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিষখালী নদীর ভাঙনে বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের একাংশ বিলীন হয়ে গেছে। গতকাল ঝালকাঠি সদর উপজেলার পশ্চিম দেউরী গ্রামে
ছবি: প্রথম আলো

ঝালকাঠিতে বিষখালী নদীর আকস্মিক ভাঙনে পশ্চিম দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন কাম সাইক্লোন শেল্টারের একাংশ বিলীন হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার পশ্চিম দেউরী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নেয়ামত উল্লাহ (১৬) নামের এক কিশোর নিখোঁজ রয়েছে। সে স্থানীয় আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং পশ্চিম দেউরী গ্রামের বারেক হাওলাদারের ছেলে।

ভাঙনে বিদ্যালয় ভবনের দুটি শ্রেণিকক্ষ ও একটি মসজিদ বিষখালী নদীর স্রোতে তলিয়ে গেছে। ইতিমধ্যে বেসমেন্টের নিচের মাটি সরে পানি ঢুকে পড়েছে। যেকোনো মুহূর্তে বিলীন হতে পারে পুরো ভবনটি।

ঘটনার পরপরই ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহারসহ প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন খান জানান, বিষখালী নদীর ভাঙনের কবলে পড়ে আগে থেকেই পশ্চিম দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারটি নদীর তীরে মিশে ছিল। দুপুর ১২টার দিকে ভাঙনে বিদ্যালয় ভবনের দুটি শ্রেণিকক্ষ ও পাশের একটি মসজিদ বিষখালী নদীতে বিলীন হয়ে যায়। এ সময় কিশোর নেয়ামত উল্লাহ মুঠোফোনে বিদ্যালয় ভবনের নিচে শেল্টারের ফাঁকা অংশে দাঁড়িয়ে নদীভাঙনের চিত্র ধারণ করছিল। ভাঙনে ভবনের ওপরের দুটি শ্রেণিকক্ষ তার মাথায় পড়ে তাকেসহ নদীতে বিলীন হয়ে যায়। পাশের একটি মসজিদও নদীতে তলিয়ে যায়। এ সময় নদীতে জোয়ারের প্রচণ্ড স্রোত ছিল।

বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১৫ সালে ইমার্জেন্সি সাইক্লোন রিকভারি অ্যান্ড রিস্টোরেশন প্রজেক্টের আওতায় প্রায় পৌনে তিন কোটি টাকা ব্যয়ে এই প্রাথমিক বিদ্যালয়ের ভবন কাম সাইক্লোন শেল্টারটি নির্মাণ করা হয়। ওই সময় ভাঙনকবলিত বিষখালী নদীর মাত্র ১০০ গজের মধ্যে এ ধরনের ভবন নির্মাণে স্থানীয় লোকজন আপত্তি জানিয়েছিলেন। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নদী শাসনের ব্যবস্থার কথা থাকলেও তা কার্যকর হয়নি।

গতকাল গিয়ে দেখা যায়, সাইক্লোন

শেল্টারের পাশ দিয়ে যাওয়া সংযোগ সড়ক ও স্থানীয় বাজার বিলীন হয়ে গেছে। সরে গেছে সাইক্লোন শেল্টারের বেসমেন্টের নিচের মাটি। সেখানে ঢুকে পড়েছে পানি। ভবনটি এখন শুধু পাইলিংয়ের ওপর দাঁড়িয়ে আছে। এর তিন পাশেই বিষখালীর পানি থইথই করছে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমীন বলেন, ভবন নির্মাণের সময় পাউবো নদী শাসনের একটি প্রকল্পের কাজ শুরু করলেও তা শেষ করেনি। এ কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, আপাতত ভবনটি রক্ষার জন্য জরুরি ভিত্তিতে নদীর তীরে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হয়েছে। পরে স্থায়ীভাবে ব্লক ফেলে ভাঙন রোধ করা হবে।