বিদ্যালয়ে শিখে বাড়িতে সবজি চাষ, জোগাচ্ছে পড়ার খরচ
নবম শ্রেণির ছাত্রী ইনিতা আক্তারকে এখন আর প্রাইভেটের টাকার জন্য চিন্তা করতে হয় না। বই, খাতা ও স্কুলের বেতনের টাকাও নিতে হয় না বাবার কাছ থেকে। স্কুলে সে শিখেছে, বাড়িতে কীভাবে সবজি চাষ করতে হয়। সেভাবে সবজি চাষ করে এখন সে লেখাপড়ার খরচ বহন করছে। পুষ্টির জোগানও দিচ্ছে পরিবারের সদস্যদের। তার মতো রংপুরের তারাগঞ্জ উপজেলার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বসতভিটার পরিত্যক্ত জায়গায় সবজির চাষ করে বাড়তি আয় করছে।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও শিক্ষক–শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বসতবাড়িভিত্তিক কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবারের খাদ্যচাহিদা পূরণ করার জন্য উপজেলার ২৬টি সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের এখন সবজি চাষের ওপর ১৫ দিন পরপর কৃষি বিষয়ে ক্লাস নেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঠে সবজির বাগান তৈরি করে হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ পেয়ে অনেকে বসতভিটায় সবজি চাষ করে সফলতার মুখ দেখেছে। বেসরকারি সংস্থা ইএসডিও জানো প্রকল্পের সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
জানো প্রকল্পের তারাগঞ্জ উপজেলা ব্যবস্থাপক কল্পনা রানী বলেন, ২০১৮ থেকে তাঁরা এ কাজ করছেন। উপজেলার ১৫টি কমিউনিটি ক্লিনিক, ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্য–পুষ্টি উন্নয়নের জন্য এ কাজ করে যাচ্ছেন। তাঁদের শেখানো পদ্ধতিতে শিক্ষার্থীরা বাড়ির উঠান ও পতিত জায়গায় সবজির চাষ করে স্বাবলম্বী হচ্ছে।
ঘনিরামপুর বড়গোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিয়ার হোসেন, তারাগঞ্জ ও/এ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম ও বরাতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার হোসেন বলেন, অনেক শিক্ষার্থী সবজি চাষ করে পড়াশোনার খরচ মেটানোর পাশাপাশি পুরো পরিবারের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। উৎপাদিত সবজি শুধু বাড়ির প্রয়োজনেই কাজে আসছে না, সবজি বিক্রির টাকা দিয়ে শিক্ষার্থীরা তাদের কাপড়, বই-খাতা-কলমও কিনছে। অভিভাবকেরাও এর সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন।
কাজীরহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাইদুল (সপ্তম শ্রেণি) ও মঞ্জুয়ারা (অষ্টম শ্রেণি) ভাই–বোন। তারা বাড়ির পাশে ১৫ শতক জমিতে লালশাক, পুঁইশাক আবাদ করেছে। স্থানীয় কৃষকেরা এখন তাদের সবজি চাষের পদ্ধতি অনুকরণ করেন।
ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী শাহিনা আক্তার। সে তার বাবা জামালকে নিয়ে বাড়ির পতিত জমিতে সবজি চাষ করে গত বছর প্রায় ১০ হাজার টাকা বাড়তি আয় করেছে। শাহিনা বলে, আগে পড়াশোনার খরচ জোগাতে তার মা–বাবার কষ্ট হতো। এখন সে অবস্থা নেই। ছোট দুই বোন স্কুলে যাচ্ছে। তারা এখন নিজেদের পড়াশোনার খরচ নিজেরাই চালাচ্ছে।
ঘনিরামপুর বড়গোলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোনতেহেনা এবার স্কুলে শিখে বাড়ির উঠানে নানা রকম সবজি চাষ করেছে। এ পর্যন্ত পাঁচ হাজার টাকার সবজি বিক্রি করেছে। মোনতেহেনার বাবা আবদুল হামিদ বলেন, মেয়ের পড়ার খরচ এখন আর দিতে হয় না। মেয়ে নিজের শেখা সবজি চাষ করে পড়ার খরচ চালাচ্ছে।
ইকরচালী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির বর্ণা আক্তারের বাড়ি প্রামানিপাড়া গ্রামে। সবজি চাষে এক বছরের লাভের টাকায় তিনটি ছাগল ও একটি বাছুর কেনা হয়েছে। ২০টি হাঁসও আছে তার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা বেগম গতকাল শুক্রবার মুঠোফোনে বলেন, ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঠে সবজি বাগান করে হাতে–কলমে সবজি চাষ শেখানো হচ্ছে। তারা স্কুলে শিখে বাড়িতে সবজি চাষ করে উপকৃত হচ্ছে।