বিদ্যালয়ের কক্ষ থেকে তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী এসএম আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের একটি কক্ষ থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনোয়ারা থানার ওসি আবদুল লতিফ বলেন, ওই তরুণের পরিচয় পাওয়া যায়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যালয়ের নৈশপ্রহরী কফিল উদ্দিনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে বটতলী এসএম আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের একটি কক্ষ থেকে ২০-২২ বছরের অজ্ঞাতনামা এক তরুণের লাশ দেখে বিদ্যালয়ের নৈশপ্রহরী থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, বিদ্যালয়ে গতকাল সকালে স্থানীয় একটি সংগঠন বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। নৈশপ্রহরী সকালে বিদ্যালয়ের ভবন খুলতে গেলে দোতলার একটি কক্ষে ওই তরুণের লাশ দেখতে পান।