বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ পোড়াল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের রামপুর বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজি আলাউদ্দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার সকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। এ জন্য শুক্রবার বিকেলে বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণ করা হয়। গভীর রাতে দুর্বৃত্তরা মঞ্চে অগ্নিসংযোগ করে। এ সময় স্থানীয় লোকজন ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মঞ্চের বেশির ভাগ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
বিদ্যালয় সূত্র জানায়, গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য আবার মঞ্চ নির্মাণ করা হয়। দুপুরে আমন্ত্রিত অতিথিদের অনুপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। কিছুক্ষণ পর মঞ্চের পেছনে দুর্বৃত্তরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকেরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হাসেম জানান, এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এতে কারও নাম উল্লেখ করা হয়নি।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।