বিদ্যালয়ের বিরুদ্ধে 'ষড়যন্ত্রের' প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া কৃষক উচ্চবিদ্যালয়ের বিরুদ্ধে ‘কুচক্রীমহলের ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল শনিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের মাঠে মানববন্ধন করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। পরে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে শেষে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন আমিশাপাড়া কৃষক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রোদয় মজুমদার।
সংবাদ সম্মেলনে বলা হয়, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে আমিশাপাড়া কৃষক উচ্চবিদ্যালয়। সরকারি এই স্বীকৃতির পর একটি মহল বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করতে নানা অপপ্রচারে নামে। তারা টাকার বিনিময়ে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার অভিযোগসহ নানা ভিত্তিহীন অপপ্রচার শুরু করে।
প্রধান শিক্ষক বলেন, প্রকৃতপক্ষে বিষয়টি হলো, ষষ্ঠ শ্রেণির ৩৫১ শিক্ষার্থীর মধ্যে বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে উত্তীর্ণ হয় ১৩২ জন। আর নবম শ্রেণির ২৬৯ জনের মধ্যে উত্তীর্ণ হয় মাত্র ৭৩ জন। বাকি শিক্ষার্থীদের ফলাফল বিশ্লেষণ করে একাডেমিক পরিষদ ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার সুযোগ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল জব্বার, আবদুল্লাহ আল-মামুন, আবুল কাশেম, মোশাররফ হোসেন, রেখা রানি দাস।