বিদ্যালয়ের মাঠে আসবাবপত্রের মেলা, খেলাধুলা বন্ধ

৫০ হাজার টাকায় তিন মাসের জন্য মাঠটি ভাড়া দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ কারণে খেলাধুলা বন্ধ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিরাট দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে চলছে আসবাবের মেলা
ছবি: প্রথম আলো

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিরাট দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে এক মাস ধরে আসবাবপত্রের মেলা চলছে । মাঠজুড়ে তাঁবু টানিয়ে বসানো হয়েছে দোকান। ৫০ হাজার টাকায় তিন মাসের জন্য মাঠটি ভাড়া দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ কারণে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ রয়েছে।

উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ২০০৯ সালে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে কোনো ধরনের মেলা, সার্কাস বা বাণিজ্যিক অনুষ্ঠানের অনুমোদন দেওয়া যাবে না বলে একটি প্রজ্ঞাপন জারি করে।

বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, উপজেলার রাজাহার ইউনিয়নের অন্তর্গত বিদ্যালয়টি ১৯৬৪ সালে স্থাপিত। এখানে ১৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। ছাত্রসংখ্যা প্রায় ২০০ জন।

গত বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের খেলার মাঠের ভিন্ন চিত্র। মাঠজুড়ে তাঁবু টানানো। তাঁবুর ভেতর আসবাবপত্র ঠাসা। অন্তত ১০০টি দোকান রয়েছে মাঠে। দোকান থেকে বেচাকেনা চলছে। মাঠে ময়লা–আবর্জনা ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলাও বন্ধ রয়েছে।

স্থানীয় লোকজন জানান, প্রায় এক মাস ধরে মাঠে মেলা চলছে। তবে প্রতি রোববার এখানে বেশি বেচাকেনা হয়। ওই দিন দূরদূরান্ত থেকে ক্রেতারা আসবাবপত্র কিনতে আসেন।

বিরাট এলাকার বাসিন্দা ফারুক আহম্মেদ বলেন, শিক্ষার্থীরা মাঠে টিফিনের সময়

খেলাধুলা করে। বিকেলে আশপাশের শিশুরা খেলে। এক মাস ধরে শিক্ষার্থী ও স্থানীয় শিশুদের খেলাধুলা বন্ধ রয়েছে।

মেলার ইজারাদার বাসেত মিয়া মুঠোফোনে বলেন, মেলার কারণে শিক্ষার্থীদের খেলাধুলার সমস্যা হতে পারে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে বলেই তাঁরা মেলা চালাচ্ছেন। মাঠের ভাড়া বাবদ বিদ্যালয়কে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে, যা বিদ্যালয়ের উন্নয়নকাজে লাগবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রোকনুজ্জামান সরকার বলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে মাঠে আসবাবপত্র মেলা বসানোর অনুমোদন দেওয়া হয়েছে। এর বেশি তিনি আর কিছু বলেননি।

তবে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলতামাসুল ইসলাম বলেন, বিদ্যালয় মাঠে মেলা করার অনুমতি তিনি দেননি। বিদ্যালয় কর্তৃপক্ষ কীভাবে মেলা বসিয়েছে, সেটা তাঁর জানা নেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ বলেন, বিদ্যালয়ের মাঠে বাণিজ্যিক মেলা বসানোর সুযোগ নেই। মেলা বন্ধ করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চিঠি দেওয়া হয়েছে। তারপরও বন্ধ না হলে ব্যবস্থা নেওয়া হবে।