বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পানি, পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পানি ঢুকেছে। ওই পানির মধ্যে চলছে পাঠদান। ছবিটি গতকাল তোলা—প্রথম আলো
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পানি ঢুকেছে। ওই পানির মধ্যে চলছে পাঠদান। ছবিটি গতকাল তোলা—প্রথম আলো

প্রবল বর্ষণে দিনাজপুরের বীরগ​েঞ্জর ঝাড়বাড়ী উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি ঢুকেছে। ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দাঁড়িয়ে শিক্ষক পাঠদান করছেন। আর শিক্ষার্থীরা বেঞ্চে বসলেও তাদের পা পানিতে থাকছে। এতে পাঠদান ব্যাহত হচ্ছে। গতকাল রোববার সকালে সরেজমিনে ওই দুটি বিদ্যালয়ে এ দৃশ্য চোখে পড়ে।

উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তরে শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী বাজার। বাজারের পাশেই ঝাড়বাড়ী উচ্চবিদ্যালয় ও এর পশ্চিম পাশে ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরো মাঠ থই থই করছে পানিতে। ছাত্রদের প্যান্ট গুটিয়ে খালি পায়ে পানি ডিঙিয়ে ক্লাসে যেতে দেখা গেছে। ছাত্রীদের অনেকের সালোয়ারের নিচের অংশ পানিতে ভেজা দেখা গেছে।

ওই প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে গিয়ে দেখা যায়, সহকারী শিক্ষক মো. মতিউল ইসলাম নিজের ফুলপ্যান্ট গুটিয়ে পানিতে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছেন। আর শিক্ষার্থীরা বেঞ্চে বসে থাকলেও সবার পা পানির মধ্যে। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মায়িশা আক্তার বলে, বৃষ্টির কারণে বিদ্যালয়ের মাঠে ও ক্লাসের ভেতরে সব জায়গায় পানি জমে আছে। একটু বেশি বৃষ্টি হলেই এ ধরনের অবস্থার সৃষ্টি হয়। পোশাক, বইপত্র ভিজে যায়। পচা পানিতে হাত-পা চুলকায়, পরে ঘা হয়। বৃষ্টি হলে বিদ্যালয়ে আসতে ইচ্ছা করে না। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ের সাতটি কক্ষের মধ্যে তিনটির এ রকম দশা। ভারী বৃষ্টি হলে মাঠ দিয়ে যেমন শ্রেণিকক্ষের মেঝেতে পানি আসে, তেমনি ওপরে টিনের চালার ফুটো দিয়েও পানি প্রবেশ করে। এতে পাঠদান ব্যাহত হচ্ছে।

ওই প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন বলেন, বৃষ্টির সময় বিদ্যালয় ক্যাম্পাসসহ শ্রেণিকক্ষ ময়লা পানিতে তলিয়ে যায়। শিশুদের বইখাতা পানিতে ভিজে নষ্ট হয়। অনেক সময় ধরে পানিতে পা ডুবিয়ে রাখায় সর্দি, হাঁচি-কাশি, জ্বরসহ নানা রোগ হয়। এ ছাড়া পানি শুকিয়ে গেলে দুর্গন্ধ কিছুদিন থেকে যায়। কিন্তু বিদ্যালয় তো আর বন্ধ রাখা যায় না। তবে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়।

ঝাড়বাড়ী এলাকার কৃষক আমিনুল ইসলাম বলেন, বিদ্যালয় দুটির এ দুরবস্থার কথা সাংসদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান সবাই জানেন। কিন্তু সমস্যার সমাধান কেউ করেন না।

একই অবস্থা দেখা যায় ঝাড়বাড়ী উচ্চবিদ্যালয়ে। বিদ্যালয়ের দোতলা ভবনের সামনে প্রশস্ত মাঠজুড়ে জমে আছে হাঁটুপানি। বৃষ্টির পানি বিদ্যালয়ের নিচতলার শ্রেণিকক্ষের মেঝেতে ঢুকেছে। এই উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রুখসানা খাতুন বলে, বিদ্যালয় ভবনের নিচের কক্ষগুলোতে পানি প্রবেশ করায় ওপরের শ্রেণিকক্ষগুলোতে ঠাসাঠাসি করে ক্লাস হয়। এ কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসে না। অষ্টম শ্রেণির শিক্ষার্থী আনিছুর রহমান বলে, ক্লাসে আসতে শিক্ষার্থীদের প্যান্ট ও মেয়েদের সালোয়ার নোংরা পানিতে ভিজে যায়। লেখাপড়ায় মন বসে না।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, তিন বছর ধরে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই বেহাল অবস্থার কথা প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে। তারা কোনা ব্যবস্থা নেয়নি।

ঝাড়বাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা বলেন, পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় ময়লা পানি নিচতলার শ্রেণিকক্ষে ঢুকে পড়ে। মাঠসহ বিদ্যালয়ের চারপাশে মাটি ভরাট করা ছাড়াও পানিনিষ্কাশনে ড্রেন নির্মাণ করা জরুরি। স্থানীয় শতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কুতুব উদ্দিনবলেন, ‘শুনেছি, বিদ্যালয় দুটির মাঠ ভরাট করতে স্থানীয় সাংসদ ১০ টন চাল বরাদ্দ দিয়েছেন। কিন্তু আমি তো তাঁদের দলের লোক নই। তাই আমার মাধ্যমে দেননি।’