বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর চালক নিহত
গাজীপুরের কালিয়াকৈরে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে কিশোর চালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম রাতুল হোসেন (১৪)। তার বাড়ি উপজেলার রতনপুর এলাকায়। রাতুল স্থানীয় রতনপুর হাজি আনোয়ার উদ্দিন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
নিহত স্বজন ও স্থানীয় লোকজন জানান, গতকাল রাত আটটার দিকে রাতুল কালিয়াকৈর উপজেলার শিবপুর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিল। পথে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে রাতুলের মাথায় আঘাত লাগে। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত কিশোরের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।