বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎমিস্ত্রির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎমিস্ত্রি মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল নয়টায় শহরের নিশির মোড় গ্রামে একটি ডোবা থেকে পানি সেচ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জাহিদ হাসান (২২)। তিনি জয়পুরহাট পৌর এলাকার বিশ্বাসপাড়া মহল্লার মৃত ফিরোজ ইসলামের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের একটি ডোবায় মোটর দিয়ে সেচকাজের প্রস্তুতি চলছিল। সেখানে জাহিদ মোটরের বিদ্যুৎ–সংযোগ দিতে যান। সকাল নয়টায় হঠাৎ ইঞ্জিনের বৈদ্যুতিক তারে তিনি জড়িয়ে পড়েন। স্থানীয় লোকজন জাহিদকে উদ্ধার করে জয়পুরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জাহিদের ছোট ভাই নাহিদ হোসেন বলেন, ‘আমার বড় ভাই বিদ্যুৎমিস্ত্রির কাজ করতেন। নিশির মোড়ে একটি ডোবায় সেচকাজ করার জন্য মোটরের সংযোগ দিতে যান। সেখানে বিদ্যুতের তারে জড়িয়ে আমার ভাই মারা গেছেন।’

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, তিনি ঘটনাটি শুনেছেন।