বিদ্যুতের তারে ঝলসে গেল চশমাপরা হনুমানের শরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের তারে ঝলসে যাওয়া চশমাপরা হনুমান। আজ রোববার মৌলভীবাজারে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ে
ছবি: প্রথম আলো

বিদ্যুতের তারে জড়িয়ে ঝলসে যাওয়া একটি চশমাপরা হনুমানকে উদ্ধার করেছে মৌলভীবাজার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। গতকাল শনিবার রাতে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে গুরুতর আহত অবস্থায় হনুমানটিকে উদ্ধার করা হয়।

বিদ্যুতের তারে ঝলসে হনুমানটির হাত-পায়ের হাড়গোড় বেরিয়ে গেছে। এটিকে তাৎক্ষণিক প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চার-পাঁচ দিন আগে কমলগঞ্জের রামচন্দ্রপুর এলাকায় বাচ্চাসহ চশমাপরা হনুমানটিকে ঘুরতে দেখা যায়। একপর্যায়ে এটি খোলা বিদ্যুতের তারে জড়িয়ে বাচ্চাসহ মাটিতে লুটিয়ে পড়ে। জখম কম হওয়ায় পরে হনুমানের বাচ্চাটি ঘটনাস্থল থেকে চলে যায়। কিন্তু মা হনুমানটি গুরুতর আহত হওয়ার ওই স্থান ত্যাগ করতে পারেনি। গুরুতর আহত অবস্থায় হনুমানটিকে স্থানীয় এক ব্যক্তি তাঁর বাড়ির আঙিনায় নিয়ে রাখেন। আহত হনুমানটি এই কয়েক দিন খাওয়াদাওয়া না করায় আরও দুর্বল হয়ে পড়েছে। গতকাল বিকেলে একজন পরিবেশকর্মী হনুমানটির অবস্থান জানতে পারেন। এরপর বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়। গতকাল রাত সাতটার দিকে প্রতিষ্ঠানটির জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট শুক দেব ও বাগানমালি গিয়াস উদ্দিন রামচন্দ্রপুর থেকে হনুমানটিকে উদ্ধার করে নিয়ে আসেন।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী আজ রোববার প্রথম আলোকে বলেন, ‘বাচ্চাসহ একটি মা হনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। বাচ্চা কম আহত হওয়ায় চলে গেছে। মা হনুমানটির হাত ও পা–সহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে হাড় বেরিয়ে গেছে। তার শরীরের ক্ষত স্থানে পোকা জন্মেছে। তাৎক্ষণিক এটিকে মৌলভীবাজার সদর প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে প্রাণী চিকিৎসককে দেখানো হয়েছে। এটির ক্ষতস্থানে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করা হয়েছে।
তিনি আরও বলেন, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার কার্যালয়ে হনুমানটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শরীরের যে অবস্থা, তাতে হনুমানটির বাঁচার সম্ভাবনা কম।’

চশমাপরা হনুমান দেশের মহাবিপন্ন প্রাণী। কালো মুখমণ্ডলে শুধু চোখের চারদিকে সাদা, দেখলে মনে হয় যেন চশমা পরে আছে। বাংলাদেশে তিন প্রজাতির হনুমানের মধ্যে আকারে এরাই ছোট। সিলেট ও চট্টগ্রাম বিভাগের মিশ্র চিরসবুজ বনের বাসিন্দা এরা। স্ত্রী-পুরুষনির্বিশেষে মাথা থেকে লেজের গোড়া পর্যন্ত লম্বায় ৫৫-৬৫ সেন্টিমিটার। লেজ ৬৫-৮০ সেন্টিমিটার।

এরা বৃক্ষবাসী, কখনোই মাটিতে নামে না। ঘুম, চলাফেরা, খাবার সংগ্রহ, খেলাধুলা, গা চুলকানো, বিশ্রাম সবকিছু গাছেই সম্পন্ন করে। এরা গাছের ডালে ডালে ঘুরে পাতা, পাতার বোঁটা, ফুল, ফল ও কুঁড়ি খায়। উদ্ভিদের পরাগায়ন ও বংশবৃদ্ধিতে বেশ সাহায্য করে। আয়ুষ্কাল প্রায় ২০ বছর।